
ডেক্স রিপোর্টঃ সোহেল রানাসহ আসামিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন।
রানা প্লাজা ধ্বসের ৬৯ মাস অতিবাহিত হওয়া উপলক্ষে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ আসামিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাভারের ধ্বসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাভার শাখার সংগঠক শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, কেন্দ্রীয় সদস্য প্রবীর সাহা, রানা প্লাজায় নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম, আহত শ্রমিক রূপালী আক্তার।
বক্তারা বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে গুলি করে হত্যা করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে হাজার হাজার শ্রমিকের নামে। শত শত শ্রমিককে ছাঁটাই করে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ সকল আসামিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে রানা প্লাজা ধ্বসে আহত শ্রমিক, নিহতদের স্বজন, পোশাক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























































