
ডেক্স রিপোর্টঃ সময়টা বড্ড বাজে যাচ্ছিল তাসকিন আহমেদের। পেরে উঠছিলেন না চোটের সঙ্গে যুদ্ধ করে। লড়াই ছিল ফর্মের সঙ্গেও।
স্বাভাবিকভাবেই বিপিএল শুরুর আগে তাকে নিয়ে ভাবার লোক ছিল নিতান্ত কম। অথচ সেই তাসকিনই বাজিমাত করছেন। এবারের আসরে তিনিই সবচেয়ে আলোচিত বোলার। ষষ্ঠ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।
নেপথ্য কারিগর সিলেট সিক্সার্স কোচ ওয়াকার ইউনিস। মূলত তার মন্ত্র ও ছোঁয়ায় পাল্টে গেছেন তাসকিন। ফিরেছেন পুরনো রিদমে। তবে পাকিস্তানি কিংবদন্তি কণ্ঠে ভিন্ন সুর। তিনি বললেন, তাসকিনকে ফর্মে ফিরিয়ে আনতে আমার অবদান সামান্যই। এতে ওর অবদানই বেশি। সে কঠোর পরিশ্রম করে পুরনো রূপে ফিরেছে। আমি তার আমূল কোনো পরিবর্তন আনিনি। ও নিজ থেকেই সাফল্য পাচ্ছে।
লক্ষ্য পূরণে জেদ ও কঠোর পরিশ্রমই তাসকিনকে আবার ট্র্যাকে ফিরিয়ে এনেছে বলে মনে করেন ওয়াকার। তিনি বলেন, মনে জেদ থাকলে, তা ধরে রাখলে এবং সেটা পূরণে কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে।
সাফল্য পায়ের তলায় লুটাতে বাধ্য। যেটা ওর মধ্যে আছে। সঙ্গত কারণে সাফল্য পাচ্ছে।
তাসকিনকে ভালো ছাত্র ও কঠোর পরিশ্রমী অ্যাখ্যা দিয়ে সিলেট সিক্সার্স কোচ ও মেন্টর বলেন, সে কঠোর পরিশ্রমী এবং ভালো ছাত্র। জাতীয় দলে ফিরতে মুখিয়ে ছিল। সবে ইনজুরি থেকে ফিরেছে। ফের ইনজুরির চিন্তা মাথায় আসতে পারে তার। তবে বুকে সাহস রাখতে হবে। এজন্য টিম ম্যানেজমেন্টসহ সবাইকে ওর প্রতি সাহস জোগাতে হবে। যেন ভড়কে না যায়। সে বাংলাদেশের সম্পদ।
সর্বোপরি, তাসকিনকে ফিট থাকার দিকে শতভাগ মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
























































