শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি বিদেশে চিঠি দিয়েও চরম ব্যর্থ ওবায়দুল কাদের।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা বিএনপি দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোতে করেছিল তাতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

সারা দুনিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রধানরা অভিনন্দন জানিয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে শনিবার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি একাই শুধু এ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এ নির্বাচকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অবহিত করতে।

কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপি এখন যদি বিচ্ছিন্নভাবে আন্দোলনে নামে বা উদ্যোগ নেয়, জনগণ তাতে সাড়া দেবে না। বিএনপির নেতিবাচক রাজনীতি একদিকে বিদেশে তাদের বন্ধুহীন করবে, অন্যদিকে দেশের মাটিতে তারা জনবিচ্ছিন হয়ে পড়বে।

প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপির অংশ না নেয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতির এমন নেতিবাচক ধারা যে সেখানে সৌজন্যবোধও হারিয়ে গেছে।

বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করা কোনো রাজনৈতিক দলের জন্য শুভকর নয়। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। সেদিন যদি তিনি নির্বাচনে অংশ না নিতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা পেতে কতটা বিলম্ব হতো তা বলা কঠিন। তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব বজায় থাকে না। বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ডাকে জনগণ এখন সেভাবে সাড়া দেয় না।

তিনি বলেন, দশটি বছর চলে গেছে, কোনো আন্দোলন করতে পারেনি।

এখন দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি নেই। এ অবস্থায় জনগণ কেন বিএনপির ডাকে রাস্তায় নামবে? উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে ওবাদুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে এবারই এত কমসংখ্যক বিদ্রোহী প্রার্থী ছিল। উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে যাতে কেউ বিদ্রোহী প্রার্থী হতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান নেয়া হবে।

মন্ত্রী বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তিনি বলেন, এরই মধ্যে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর কাজ ৮০ থেকে ৯০ ভাগ শেষ হয়েছে।

চলতি বছরের এপ্রিল-মে মাসের দিকে এ দুটি সেতুসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতি সেতুর প্রকল্প পরিচাক আবু সালেহ মো. নুরুজ্জামান, কাঁচপুর সেতুর ম্যানেজার (অ্যাডমিন) নাসির উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনসহ অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি