ডেস্ক রিপোর্টঃ
ঐক্যফ্রন্ট গণশুনানি নয় গণতামাশার আয়োজন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধালন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতামাশার জন্য অনুমতি চাইলে আমি তো পুলিশ কমিশনারকে বলবো বিষয়টি দেখে ব্যবস্থা নিতে।
আজ মঙ্গলবার তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘ঐক্যফ্রন্টের গণশুনানিতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয় মামলা করতে করতে ঐক্যফ্রন্ট নিজেরাই পঙ্গু হয়ে যাবে।
১৪ দল ভাঙার ব্যাপারে ও বিরোধী দলের ভূমিকা কী হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কেউ যদি ১৪ দল ভাঙতে পারে বলে শঙ্কিত বা উদ্বিগ্ন থাকেন তাদের বলছি, উদ্বিগ্ন বা শঙ্কার কারণ নেই। এই আছে মান-অভিমান, আবার চলে যাবে। এটা কোনো পার্মানেন্ট সমস্যা না।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনাকে কিভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ১৪ দলের শরিকরদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটা দরকার বলেও জানান তিনি।


























































