
ডেস্ক রিপোর্টঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত সেনাদের পরিবারের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সালমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারসহ বলিউডের অনেক তারকাই। এই তালিকায় এবার যোগ হলেন বলিউডের কিং খান শাহরুখও। শোনা যাচ্ছে, শাহরুখ নাকি নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি টাকা দিচ্ছেন। সম্প্রতি একটি টুইট থেকে এমন খবরই জানা যাচ্ছে।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় শাহরুখ নাকি শহীদদের পরিবারের জন্য ১৫ কোটি টাকা দিয়েছেন। একটি সংবাদমাধ্যমের খবরের সূত্রে এমনই তথ্য উঠে আসছে। একথা টুইট করে জানিয়েছেন কংগ্রেস নেতা সালমান নিজামি।
আরও একটি টুইটে এক ভক্ত শাহরুখের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন। যেখানে শাহরুখ বলেছিলেন, ‘যারা আমার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাদের কথার উত্তর দেওয়ার তিনি প্রয়োজনবোধ করেন না। আমি দেশকে ভালোবাসি সেটা জাহির করার দরকার নেই।’
শহীদদের পরিবারকে শাহরুখের এই অর্থ সাহায্যের খবর অনেকেই সত্যি বলে মনে করছেন। তাইতো পাল্টা টুইটে তারা দাবি করছেন, ‘যে প্রকৃত সাহায্য করে, সে তার কাজের ঢাক নিজের পেটায় না।’
এর আগে ২০১৭ সালে খবর রটে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি ৪৫ কোটি টাকা দান করেছিলেন শাহরুখ। এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। অভিনেতাকে আক্রমণ করা হয়। তবে পরে জানা যায়, এই খবরটা একেবারেই গুজব।
এর পরই ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেশের মানুষের জন্য কোনো প্রচার ছাড়া আর কী কী করেছেন শাহরুখ তার পরিসংখ্যান তুলে ধরতে থাকেন। শাহরুখের হয়ে কথা বলেন পরিচালক হনসল মেহেতাও।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছিল গোটা ভারত। সেই ক্ষোভের আগুন গিয়ে পৌঁছেছিল বলিউড পাড়ায়ও। সকলেই চাইছিল এই হামলার পাল্টা বদলা নিক ভারতীয় সেনা। তাদের সেই কামনা পূর্ণ হয়েছে।
গতকাল মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ু সেনা।
























































