
ডেস্ক রিপোর্ট : নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় দেলোয়ার (৩৮) ও তার সাত মাস বয়সের ছেলে জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সোয়া ১১ টা থেকে পৌনে ১২ টার মধ্যে ওয়াজঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে পিতা-পুত্রের মরদেহ ভেসে উঠে। এর আগে সকাল সাড়ে ৭টায় মিমের (৮) মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। আজ তিনটিসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আজ সকালে মিম(৮), দেলোয়ার(৩৮)ও তার সাত মাস বয়সের ছেলে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার করা হয় দেলোয়ারের স্ত্রী জামসিদার (২০) মরদেহ।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এখনও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নৌকাডুবির এ ঘটনা তদন্তে বিআইডাব্লিউটিএ শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। এরপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।






















































