ডেস্ক রিপোর্ট : যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবতরণ করেছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের সাউথইস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৮৭০১। উল্লেখ্য, ৫ মাসের মধ্যে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় দু’টি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনায় প্রায় ৩৫০ জন নিহতের জেরে গত ১৩ মার্চ থেকে এর সকলপ্রকার ব্যবহার বন্ধ রাখা হয়েছে। সিএনএন
এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে কোনও যাত্রী ছিলো না। উড়োজাহাজটি ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। উড়োজাহাজটি উড়তে শুরু করার পরপরই এর দু’টির মধ্যে একটি ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। চালকের আসনে থাকা দুইজন পাইলট ফ্লাইটটিকে তাৎক্ষণিকভাবে নামিয়ে আনেন।
অবশ্য, বোয়িংয়ের পূর্বের দুর্ঘটনাগুলোর জন্য যে সমস্যাগুলো রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে মঙ্গলবারের জরুরি অবতরণের পেছনে সেই একই কারণ ছিলো কিনা, সেবিষয়ে কিছু পরিষ্কার করে জানানো হয়নি। তবে, অবতরণকৃত ফ্লাইটটির বিষয়ে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন(এফএএ) তদন্ত শুরু করেছে বলে জানায় সাউথইস্ট এয়ারলাইন্স।

























































