বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


দ্রাবিড়ের পাশে মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ত্রিদেশীয় সিরিজে সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ফাইনালে উঠে গেছে টাইগাররা।

এমন আনন্দঘন দিনে বিশেষ কীর্তি গড়েছেন দলপতি মাশরাফি বিন মুর্তজা। ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। পাশাপাশি ভারতীয় সাবেক ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের পাশে বসেছেন তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটি দিয়ে এখন পর্যন্ত ৭৫টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তার অধীনে ৪২টি জয়ের বিপরীতে পরাজয় ৩১টিতে। জয়ের হার ৫৭.৫৩ শতাংশ।

অবসর নেয়ার আগে ৮২টি ওয়ানডেতে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেন ভেট্টোরি। তার অধীনে ৪১টি জয় পায় কিউইরা, পরাজয় বরণ করে ৩৩টিতে। জয়ের হার ৫৫.৩৩ শতাংশ। সবদিক দিয়েই তাকে ছাড়িয়ে গেছেন মাশরাফি।

২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত দ্রাবিড়ের নেতৃত্বে ৭৯টি ওয়ানডে খেলে টিম ইন্ডিয়া। ৪২টি জয়ের বিপরীতে ৩৩টিতে হারের মুখ দেখে মেন ইন ব্লুরা। জয়ের হার ছিল ৫৬.০০ শতাংশ। সেই হিসাবে জয়ে ভারতীয় কিংবদন্তির সমান হলে এর হারে তাকে ছাড়িয়ে গেছেন ম্যাশ। শিগগির সবদিক দিয়ে তাকে টপকে যাবেন তিনি।

অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত তার নেতৃত্বে ২৩০টি ওয়ানডে খেলেন অজিরা। ১৬৫ জয়ের বিপরীতে পরাজয় ৫১। জয়ের হার ৭৬.১৪ শতাংশ।

এর পর তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলংকার অর্জুনা রানাতুঙ্গা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি