মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বপ্ন বাঁচাতে আজ ভারতের মুখোমুখি টাইগাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কঠিন সমীকরণের মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফি বিন মুর্তজার দলের সামনে।

তবে শুধু ভারতের বিপক্ষে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে না, লিগ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জয় পেতে হবে বাংলাদেশকে। সেইসঙ্গে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়-পরাজয়ের হিসাবে এত বড় ব্যবধানের পরও বাংলাদেশকে সমীহ করেই খেলবে ভারত। কারণ, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারত।

এদিকে সময়ের সঙ্গে ভারতীয় দল যেমন আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে, বাংলাদেশ দলও হয়েছে আরো পরিণত। শক্তিশালী ব্যাটিং লাইনআপের ভারত আগে ব্যাট করলে কম রানে বেঁধে রাখাই হবে টাইগারদের চ্যালেঞ্জ।

নতুন বলে দুর্বলতা

চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে মাঠে নেমে মাশরাফি, মুস্তাফিজ ও সাইফরা মাত্র ২৪টি উইকেট পেয়েছেন। আর তার মধ্যে নতুন বলে উইকেট এসেছে মাত্র একটি। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওভারে ক্রিস গেইলকে ফিরিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই ভারতের বিপক্ষে নতুন বলে উইকেট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি