আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটযুদ্ধ চলমান। এরইমধ্যে ২০৯টি গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল ভোট নিয়ে ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যেখানে ট্রাম্পের ঝুলিতে জমা পড়েছে ১১৮টি। এই পরিস্থিতির মাঝেই ট্রাম্প হটাও স্লোগান তুলে ব্ল্যাক লাইফ মেটারস স্কয়ারে সংঘবদ্ধ হয়েছেন শত শত মার্কিনি। এপি
বাংলাদেশ সময় বুধবার সকালে হোয়াইট হাউজ থেকে মাত্র এক ব্লক দূরে অবস্থিত ব্ল্যাক লাইফ মেটারস স্কয়ারে জমায়েত হন কয়েকশ বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা। এসময় তারা দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী রাষ্ট্রপ্রধান দাবি করে ভোটের মাধ্যমে বর্ণবৈষম্যের বিরুদ্ধে মার্কিনিদের প্রতিবাদী জবাব দেয়ার আহ্বান জানান।
উপস্থিত আন্দোলনকারীরা এ সময় ‘ট্রাম্প হটাও’ স্লোগান সম্বলিত কালো ব্যানার নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সেখানে জমায়েত হন। বিভিন্ন মহলের দাবি, সীমিত পরিসরে হলেও এই জমায়েত চলমান ভোটযুদ্ধে ব্যাপক প্রভাব সৃষ্টি করতে পারে যা দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হোয়াইট হাউজের রাস্তা কঠিন করে তুলবে।
এদিকে সর্বশেষ তথ্য মত, ওহিও-অ্যারিজোনাসহ গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যগুলোর বেহস কয়েকটিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে এর অধিকাংশগুলোতেই বাইডেনের সঙ্গে ভোটের ব্যবধান খুবই কম। এক কথায় প্রায় প্রতিটি রাজ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘শিংয়ে-শিংয়ে’ জোর টক্কর দিয়ে চলছেন বাইডেন।

























































