সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩০ লাখ ৭৭ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে ৪০ ফুট নির্মিত কংক্রিট ব্রিজটি ব্যবহারে লাগছে বাঁশের সাঁকো।
উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় রূপসী-পাকুরতলা সড়কে ২ বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর থেকে ওই ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক না থাকায় ওই এলাকার ৫ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বেয়ে ব্রিজে উঠে পার হচ্ছে।
গ্রামগুলো হলো-জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি, পাকুরতলা, বাঐখোলা ও কুঠিরপাড়া।
এ বিষয়ে এলাকার স্থানীয় লোকজন জানান, দুই বছর ধরে আমরা যাতায়াতে চরম কষ্ট পোহাচ্ছি। বিশেষ করে বৃদ্ধ ও স্কুলগামী শিশুদের যাতায়াতে বেশি কষ্ট হচ্ছে।
তারা আরও জানান, ব্রিজটি নির্মাণের পর দায়সারা ভাবে সামান্য মাটি ফেলা হয়। ফলে বর্ষার শুরুতেই তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর দুই বছর ধরে স্থানীয়রা এ ব্রিজের দু’পাশে বাঁশের সাঁকো তৈরি করে পারাপারে পয়সা তুলছে।
এতে কষ্ট করে যাতায়াত করা গেলেও অর্থদণ্ড লাগছে। তারা বলেন, দুই বছর ধরে এ ব্রিজে সংযোগ সড়ক না থাকায় এ সড়ক দিয়ে সরাসরি কোনো যানবাহন চলাচল করতে পারে না। ধান, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও ভারী বোঝা মাথায় করে পার করতে হয়। এতে আমাদের খুবই কষ্ট হয়। তাই তারা অবিলম্বে ব্রিজটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান।
এ বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ব্রিজিটি নির্মাণের পর মাটিভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানির তীব্র চাপে তা ভেঙে গেছে। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি সরে গেলে আবারও মাটিভরাট করে চলাচলের উপযোগী করা হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পয়সা তোলার বিষয়টি আমার জানা নেই। এ ছাড়া ব্রিজটি নির্মাণের পর মাটি ভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানির তীব্র চাপে তা ভেঙে গেছে। পানি সরে গেলে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হবে।
সূত্র-মা:জ


















































