শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রিমোট কন্ট্রোলড বন্দুকহামলায় নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহকে একটি রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭নভেম্বর) রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে তার কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শীর্ষ নেতারা ইসরায়েলকে দায়ি করে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি এবং অন্যান্য নেতারা দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

রোববার (২৯নভেম্বর) ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফখরিজাদেহ শুক্রবার একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় নিরাপত্তাবাহিনীর তিনটি গাড়ি তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তখন একটি গাড়িতে বুলেট লাগার শব্দ হয়। তিনি তখন কী ঘটেছে তা দেখার জন্য বের হন। তিনি গাড়ি থেকে বের হওয়ার পর পরই একটি রিমোট কন্ট্রোলড বন্দুক থেকে গুলি ছোড়া হয়।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফখরিজাদেহের গাড়ি থেকে ১৫০ মিটার দূর থেকে তাকে গুলি করা হয়েছিল। তাকে কমপক্ষে তিনবার গুলি করা হয়। তার দেহরক্ষীকেও গুলি করা হয়েছে। প্রায় তিন মিনিট ধরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির বরাত দিয়ে অপর আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনাও জানিয়েছে যে, ফখরিজাদেহের গাড়িতে বন্দুকহামলা চালানো হয়েছে। সে সময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এবং এলোপাথাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে।

তবে ফখরিজাদেহের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি মন্ত্রী তাচি হানেগবি দেশটির চ্যানেল ১২ নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, কারা ফখরিজাদেহকে হত্যা করেছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তবে এই হত্যাকাণ্ডের ঘটনা ইরানের জন্য খুবই বিব্রতকর বলে উল্লেখ করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি