আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে তিন নারী গণমাধ্যমকর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ( ২ মার্চ) পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হন তারা। নিহতরা সবাই স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাস টিভি’তে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
টেলিভিশন চ্যানেলটির পরিচালক জামলাই লতিফি জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার পথে দুটি পৃথক স্থানে তাদের তিন কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান তারা। তাদের সঙ্গে দুইজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। হত্যার শিকার সবাইকে মাথায় গুলি করা হয়েছে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
রয়টার্সের খবরে জানানো হয়, বেশ কিছুদিন থেকেই আফগানিস্তানে শহুরে পেশাজীবীরা চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। গতকালকের ঘটনায় পুলিশ প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও জঙ্গি সংগঠনটি বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে যেসব এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানে ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা রয়েছে।

























































