শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩’শ মরা মুরগি ড্রেসিং করার সময় যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ভোলার চরফ্যাশন উপজেলায় ড্রেসিং করার সময় প্রায় তিন শতাধিক মরা মুরগিসহ মো. রাসেল নামের এক দোকান কর্মচারীকে আটক করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ মে) রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারে মাংসপট্টিতে মিরাজের মুরগির দোকানে ড্রেসিং করার সময় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রাতে আবু বকর পুর ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্ম থেকে তিনশত মরা বয়লার মুরগি পাঁচটি বস্তায় ভরে রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আনা হয়। মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদের খবর দেন। পরে আমরা এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

রিপন বিশ্বাস আরও জানান, মরা মুরগিগুলো চরফ্যাশন বাজারের একটি হোটেলে দেওয়ার কথা ছিল। রাসেলের বাড়ি উপজেলার আবু বকর পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি