ডেস্ক রিপোর্টঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শফিকুল উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
এদিকে, ১ সপ্তাহ আগে একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে বীণা খাতুনকে বিয়ে করেন শফিকুল।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (২৫ আগস্ট) শফিকুল ইসলামের বাড়ির কাছ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর বাড়ি সংলগ্ন বাঁশ বাগানের একটি বাঁশ হেলে পড়ে। পরে বিকেলে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া ওই বাঁশ কাটতে শুরু করেন। এ সময় বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওসার আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেছেন কি না তা জানা নেই। বিদ্যুতের তারের ওপর বাঁশ পড়ে থাকলেও লাইনে বিদ্যুৎ থাকার কথা নয় বলেও জানান তিনি।


















































