মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিএসজির সঙ্গে এমবাপ্পের নতুন চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২২

স্পোর্টস ডেস্ক:

দল বদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকাকে নিয়ে পিএসজি ও রিয়ালের প্রতিদ্বন্দ্বিতা ক্ষণেক্ষণে ছড়াচ্ছে উত্তেজনা। ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এমবাপ্পে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন তার মা ফায়জা ল্যামারি।

গত মৌসুমেও চেষ্টার কমতি ছিল না রিয়াল মাদ্রিদের। তবে লস ব্লাঙ্কোদের বিপুল অর্থের প্রস্তাবেও মন গলেনি পিএসজির হর্তাকর্তাদের। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। ফ্রি এজেন্ট হয়ে পছন্দসই নতুন ঠিকানা খুঁজে নিতে পারবেন ফরাসি স্টার। এমবাপ্পেকে ধরে রাখতে তাই লোভনীয় প্রস্তাব দিচ্ছে পিএসজি।

ফায়জা ল্যামারি নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, এমবাপ্পের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমবাপ্পের মা লিখেছেন, ‘নীতিগতভাবে প্যারিস সেন্ট জার্মেই (কিংবা অন্য কোনো ক্লাসের সঙ্গে) কোনো ধরনের চুক্তি হয়নি। কিলিয়ানের ভবিষ্যত নিয়ে আলোচনা ধীরস্থিরভাবেই চলছে যাতে করে সকল পক্ষের সঙ্গে কথা বলে সে সেরা সিদ্ধান্তটা নিতে পারে।’

ফরাসি দৈনিক লা প্যারিসিয়ান এক প্রতিবেদনে লিখেছে, এমবাপ্পেকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছেন পিএসজির মালিক

যদি তিনি থাকতে রাজি হন তবে লয়ালিটি বোনাস হিসেবে পাবেন আরো ১০০ মিলিয়ন ইউরো।
প্রতিবেদনটিতে বলা হয়, ক্লাব তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করতে চাইছে। যদি তিনি তৃতীয় বছর থাকতে রাজি হন, তবে বেতন দ্বিগুণ করা হবে। লা প্যারিসিয়ানের দাবি, পিএসজির প্রস্তাবে সায় দিয়েছেন এমবাপ্পে।

গত এপ্রিলে দৈনিক মার্কা দাবি করে, এমবাপ্পের বিষয়ে পিএসজি সভাপতি নাসির আল খেলাইফির সঙ্গে বৈঠক করেছেন ফায়জা ল্যামারি। সে সময় আরো দুই মৌসুম এমবাপ্পেকে ধরে রাখার আগ্রহ প্রকাশ করে পিএসজি। এমনকি ক্লাবের সর্বোচ্চ বেতন দিয়েও ফ্রেঞ্চম্যানকে রাখতে প্রস্তুত লা প্যারিসিয়ানরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি