আন্তর্জাতিক ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।
আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।
জেলেনস্কির গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এই দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি প্রকাশ করেনিনি সেরহি নিকিফোরভ। তিনি বলেছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়।
নিকিফোরভ আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

























































