ডেস্ক রিপোর্ট:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে পা বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের গুদিঘাটা মাঝেরপোল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শফিকুলকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শফিকুল ইসলাম (৪৫) মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে।
শফিকুলের আত্মীয়ের বরাতে মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু জানান, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজের জন্য মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হন। মঠবাড়িয়া যাওয়ার পথের সড়কের গুদিঘাটা মাঝেরপুল এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে তার ওপর হামলা করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং শরীর থেকে বাঁ পা বিচ্ছিন্ন করে দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম জানান, আহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পেট থেকে খাদ্যনালি বের হয়ে গেছে এবং বাঁ পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


























































