শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে : কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে এদেশে বিএনপিই চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা (বিএনপি) নির্যাতনের যে রেকর্ড স্থাপন করেছিল, যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল জনগণ তা এখনো ভুলে যায়নি। সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি কখনো ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নয়। সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয়নি- এ অভিযোগে দলটি রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল।

শেখ হাসিনা সরকার নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান- এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?

তিনি বলেন, আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে। ফলে ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দলটি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে।

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করুন এবং আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি