আন্তর্জাতিক ডেস্ক:
চলতি বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটি আজ শনিবার কোরীয় উপদ্বীপের পূর্বদিকের সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৮ টার পর প্রথম ব্যালিস্টিক মিসাইল ছুড়ে উত্তর কোরিয়া। এরপর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৮টা ১৪ মিনিটে এবং তৃতীয় ক্ষেপণাস্ত্রটি এর এক মিনিটে পরেই ছুড়ে দেশটি। তিনটি ক্ষেপণাস্ত্রই রাজধানী পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে ছুড়েছে দেশটি।
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, পিয়ংইয়ংয়ের দক্ষিণের নর্থ হোয়ানঘায়ে প্রদেশ থেকে স্থানীয় সময় সকাল আটটার দিকে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়াকে চরম উসকানিমূলক হিসেবে উল্লেখ করেছে। এটি কোরিয়া উপদ্বীপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

























































