
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার দুই ছেলে পলাতক রয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিঁয়াজু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন (৫২) ওই গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। অভিযুক্তরা হলেন আলাল হোসেন (২৭) এবং সাইফুল ইসলাম (২০)।
নাজিম উদ্দীনের চাচি মাসুমা খাতুন জানান, তুচ্ছ একটি ঘটনা নিয়ে সকালে নাজিমের দুই ছেলে আলাল ও সাইফুল তাকে মাঠ থেকে ধরে এনে বাড়িতে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলেও ছেলেদের হুমকি ও গালিগালাজের কারণে কেউ সাহায্য করতে সাহস করেননি।
নাজিমের চাচাতো বোন মুক্তা আক্তার বলেন, ‘মারধরের পর নাজিমকে বাড়ির বারান্দায় শুইয়ে রাখা হয়। পরে রাত ৮টার দিকে স্থানীয়দের চাপে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, নাজিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত ঘোষণা করার পরই স্বজনরা তার মরদেহ নিয়ে যান।
পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, দুই ছেলের মারধরের কারণেই নাজিমের মৃত্যু হয়েছে। পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
















































