বেঁচে থাকলে আজ ৫৪ বছরে পা রাখতেন সালমান শাহ
ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে প্রথম সিনেমা থেকেই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। মাত্র ছয় বছরের ক্যারিয়ারে তিনি সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। আজ, ১৯ সেপ্টেম্বর, সালমান শাহের জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৫৪ বছরে পা রাখতেন। ১৯৭১ সালের এই দিনে সিলেট শহরে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সিনেমা জগতে অভিষিক্ত হন। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন মৌসুমী।
সালমান শাহ তাঁর ক্যারিয়ারে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, এবং সবগুলো সিনেমাই ব্যবসাসফল হয়। সালমান শাহ ও শাবনূরের জুটি দর্শকদের বিশেষভাবে প্রিয় ছিল।
তিনি খুলনার বয়রা মডেল হাইস্কুলে শিক্ষাজীবন শুরু করেন এবং একই স্কুলে তার সহপাঠী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৮৭ সালে রাজধানীর ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং মালেকা সায়েন্স কলেজ থেকে বি কম পাস করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ হঠাৎ সবাইকে কাঁদিয়ে চলে যান। আত্মহত্যার মাধ্যমে তিনি পৃথিবী থেকে বিদায় নেন, যা ঢাকাই চলচ্চিত্রসহ পুরো দেশকে শোকস্তব্ধ করে দেয়। তাঁর মৃত্যু এখনো একটি রহস্য।
অভিনয়ের শুরু ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে হলেও, পরবর্তীতে ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘স্বপ্নের পৃথিবী’ নাটকগুলোতে অভিনয় করে তিনি প্রশংসিত হন।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেন মোহর’, ‘এই ঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘মায়ের অধিকার’, ‘প্রিয়জন’ ইত্যাদি।

























































