আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস ও ইলহাম আলিয়েভ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এর আগে, কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজারবাইজানের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় কাটান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা ছাড়াও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডি।
রাষ্ট্রীয় সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন। এই সময়ে, দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া, ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
সফরকালে, প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
















































