ইসরাইলি বিমান হামলায় বেইত লাহিয়াতে ৭২ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরাইলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানতো যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, বিশেষত নারী ও শিশু, আশ্রয় নিয়েছে। তারা নিজেদের এলাকা থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নেয়।
গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়, এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার লক্ষ্য হওয়া ভবনটিতে ৭০ জনেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
অন্যদিকে, ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আরেকটি বাড়িতে হামলায় আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, জানিয়েছেন একটি মেডিকেল সূত্র।
গত ৫ অক্টোবর থেকে ইসরাইল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। ইসরাইলের দাবি, এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য পরিচালিত হচ্ছে।
তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে, ইসরাইল এই অঞ্চলটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে, এবং তাদের মতে, এটি একটি জাতিগত নির্মূলের লক্ষ্য নিয়ে করা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে ৪৩,৮৪৬ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
ইসরাইলের এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
























































