প্রত্যাশিত পরিবেশে ভোটগ্রহণ হয়নি: ডাকসু ভিপি প্রার্থী আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রত্যাশিত পরিবেশে ভোটগ্রহণ হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সাইবার হামলা ও আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
আবিদুল বলেন, “নির্বাচনী কেন্দ্রে প্রার্থীদের প্রবেশাধিকার থাকলেও রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা আগে থেকেই পূরণ করা ব্যালটের কথা জানিয়েছে। দুটি কেন্দ্রে এমন ঘটনা নিশ্চিত হলেও আরও কেন্দ্রে ঘটতে পারে।”
তিনি আরও জানান, বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটের দিন ক্যাম্পাসে অবস্থান করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা মোট ১২টি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এবারের ডাকসু নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশ নেয়, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


























































