সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়ার পরি ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দেন তামিম। এবার আরও একটি উদ্যোগ নিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এবার দর্শকদের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি।
বিসিবির একটি ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘প্লেয়ারদের কি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না এটা নিয়ে আমরা আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় আছে নাকি এটা নিয়ে আলোচনা করি। কিন্তু কিছু কারণে বছরের পর বছর আমরা কোনো সময় আমাদের যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা হলো আমাদের ফ্যানস আর যারা ক্রাউড, যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা।’
তিনি আরও বলেন, ‘আমি এই জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই যখন একজন দর্শক আমাদের মাঠে খেলা দেখতে আসবেন তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা একটা দারুণ অভিজ্ঞতা হোক।’
বিসিবি প্রধান বলেন, ‘দর্শক যেন বাসায় যেয়ে বলতে পারে যে আমি একটা চমৎকার পরিবেশের মধ্যে খেলা দেখেছি আজকে আমার নিজের দলের। আমরা এই একটা জায়গায় কোনো সময় কাজ করিনি। আমরা এই জিনিসটা করতে চাই। আপনারা যখন মাঠে আসবেন আপনাদের গেট থেকে ঢোকার থেকে নিয়ে সিটে বসা পর্যন্ত পানির ব্যবস্থা থাকা থেকে নিয়ে খাওয়া দাওয়া থাকা থেকে নিয়ে সবকিছুর এই অভিজ্ঞতাটা আমরা আপনাদের থেকে জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘একসাথে তো আমি সব দর্শককে ডেকে কথা বলতে পারবো না। তবে আমরা যেসব জিনিস এখন থেকে করবো আমরা এই ক্রাউড থেকে ৫ জন হোক বা ১০ জন হোক তাদেরকে রেন্ডমলি ধরে নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসবো। মাঠে তাদের অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো যে তারা কোন জায়গায় সমস্যার মুখোমুখি হচ্ছে কি না।’
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দর্শকদের সঙ্গে বসতে চান জানিয়ে তামিম বলেন, ‘কী কী জিনিস আমরা ভালো করতে পারি আর কোন কোন জায়গায় আরও উন্নতি আনতে পারি এটা নিয়ে কথা বলবো দর্শকের সাথে। এটা আমি ইনশাল্লাহ ১৭ তারিখে আপনারা জানেন যে নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম সিরিজের প্রথম ম্যাচ। আমরা এই জিনিসটা প্রথম ম্যাচ থেকেই শুরু করবো।’



















































