ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপালের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা কলেজ একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে । এ সময় শিক্ষার্থীরা সকল ক্লাস, পরীক্ষা বর্জন, অবস্থান ধর্মঘট এবং আমরণ অনশনের কর্মসূচী ঘোষণা করেছে ।
বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ।
শিক্ষার্থীরা জানায়, সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর পাশবিক শারিরীক নির্যাতন, স্বাধীনতা স্বপক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়া, গতকাল ১১ নভেম্বর শ্রেণিকক্ষে প্রথম বর্ষের ছাত্রদের উপর অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদের প্রহারের প্রতিবাদে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা ।

















































