ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা শহরের টাউন হল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত খালেদা জিয়ার জনসভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমনের বক্তব্যের রেকর্ড চালানো হয়েছে। শনিবার দুপুরে জনসভা শুরুর কিছুক্ষণ পর নেতা-কর্মীদের চাঙ্গা করতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডনে দেওয়া তারেক রহমানের বক্তব্যের রেকর্ডটি চালানো হয়। ধারণকৃত বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে এক দলীয় শাসননব্যবস্থা চলছে। এদেশের মানুষ আজ অসহায়। খুন, হত্যা, রাহাজানি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ করে তিনি বলেন, ঘরে-বাইরে কেউ নিরাপদ নয়। এ অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসনকে নিজেদের কর্মী হিসেবে ব্যবহার করছে। দমন-নিপীড়ন, হামলা-মামলা দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের নিঃশেষ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ এ স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়। এখন বিএনপির একটাই কাজ জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা। সরকারের নানামুখী সমালোচনা করে বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, চার দলীয় জোট এবং জরুরি সরকারের আমলে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতো দুই থেকে আড়াই টাকা। এখন প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রায় সাড়ে ৭ টাকা। আগে যারা মাসে বিদ্যুৎ বিল দিতেন ৩ হাজার টাকা। এখন তাদের দিতে হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। গত তিন বছরের বিদ্যুতে প্রায় ৩৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই বিএনপি নেতা। দ্রব্যমূল’র ঊর্ধ্বগতির সমালোচনা করে তারেক রহমান বলেন, আমাদের আমলে সাধারণ মানুষ খেয়ে-পড়ে সুখে শান্তিতেই ছিলো। এখন দ্রব্যমূল্য’র ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মানুষের নাভিশ্বাস উঠছে। এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে পারে একমাত্র বিএনপি। কারণ বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। 

















































