শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধ্বংস হওয়ার আগে নির্বাচন দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৪

somabesh_bg_banglanews24_358822278

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার আগেই দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তারা এ অনুরোধ জানান। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জনগণের ভোটাধিকার রক্ষায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০দলীয় জোট কুমিল্লা জেলা শাখা এ জনসভার আয়োজন করে।
কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত ছিলেন জনসভার সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
জোট নেতাদের মধ্যে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) আলি আহমেদ বীরবিক্রম, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি সফিউল আলম প্রধান, কল্যাণপার্টির চেয়াম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, মুসলীম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মবিন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির সভাপতি ডা. ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মনি, লেবার পার্টির মহাসচিব হামদুল্লা আল মেহেদী, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দীন একরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ।

 

Fakrul_BG_banglanews24_942231387

বর্তমান সরকারকে সর্বকালের নিকৃষ্ট সরকার আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক দল হিসেবে নয়, জালেম সরকার এবং জালেম দল হিসেবে বিবেচিত হচ্ছে। তারা সংবিধান থেকে আল্লাহ’র ওপর আস্থা তুলে দিয়ে সর্বকালে সর্বনিকৃষ্ট সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। একাত্তরের মানবতাবিরোধীদের বিচারে গঠিত আস্তুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে তিনি বলেন, নাম দিয়েছে আন্তুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু এখানে আন্তুর্জাতিক মানের আইন নেই। এই ট্রাইব্যুনালে ধর্ষণ, অগ্নি সংযোগ ও খুনের বিচার করা হচ্ছে।অথচ আওয়ামী লীগের নেতারাই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির পর তা উদযাপন করে। শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর শিক্ষামন্ত্রী চোখের পানি ফেলেন, আর খুন তো তাদের কাছে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে অপরাধী আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, তারা ভালো সরকার হলে দেশে এভাবে আগুন জ্বালিয়ে দিতো না। আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করতো। যেহেতু তারা অপরাধী সেহেতু আলোচনায় বসতে চাচ্ছে না। কারণ, তারা জানে আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। তাহলে এই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যেতে হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়াম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, যদিও আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন, তবুও আপনাকে অনুরোধ জানাবো এখনো সময় আছে, ধ্বংস হওয়ার আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। নইলে শেষ রক্ষাটুকু হবে না। খালেদা জিয়াকে মামলা মোকাবেলার পরমর্শ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে কর্নেল অলি বলেন, আপনাকে অনুরোধ করবো। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে আপনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদন্ত করুন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও তদন্ত করুন। তারপর প্রমাণ হবে কে অপরাধী।

বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এ সরকার গুম করছে, খুন করছে, দুর্নীতি করছে কিন্ত ধর্মদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কেন? আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করে সরকার আত্মসমপর্ণের সুযোগ দিয়েছে। নিয়ম ভঙ্গ করে কারাফটক খুলে দিয়েছে। জনগণ এর কারণ জানতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বুঝে গেছেন তাদের পায়ের নিচে মাটি নেই। সে কারণে তারা জনগণকে বোকা বানিয়ে, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে আন্দোলন থামিয়ে দিতে চায়। তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ সারাদেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। কিন্তু এসব মামলা হামলা করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সমগ্র বাংলাদেশের মানুষ জেগে উঠেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকার যে অপচেষ্টা আপনারা(ক্ষমতাসীন) করছেন তাতে সফল হবেন না। দেশের মানুষ জেগে উঠেছে। দেশনেত্রীর ডাকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংবিধান ও সুপ্রীম কোর্টের রায়ে বলা আছে নির্বাচন জিনিসটি কী। সেই অর্থে ৫ জানুয়ারির নির্বাচনকে কোনো অবস্থাতেই নির্বাচন বলা চলে না। সুতরাং দেশে এখন রাজনৈতিক শূন্যতা চলছে। সরকার পতন এখন সময়ের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে অচিরেই এ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। কারণ, রাজনৈতিক শূন্যতা বেশিদিন থাকে না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এমকে আনোয়ার বলেন, আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেন নি। যুদ্ধের সময় তাদের কেউ ভারতে কেউ পাকিস্তানে পালিয়েছিলো। যুদ্ধের পর দেশে এসে তারাই আবার ক্ষমতা দখল করেছে। তিনি বলেন, ওই সময় তাদের (আওয়ামী লীগ) নেতা বলেছিলোন, মানুষ পায় সোনার খনি। আমি পেয়েছি চোরের খনি। সেই চোরদের নিয়েই এখন রাজনীতি করছেন হাসিনা। এই চোরদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি