রাসায়নিক বিশেষজ্ঞরা ৩ ডিসেম্বর মুম্বাইয়ের দায়রা আদালতে জানান, ২০০২ সালের ৩০ সেপ্টেম্বর সালমানের রক্তে পাওয়া গেছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ (৬২ এমজি) অ্যালকোহল। ১০০ মিলিলিটার রক্তে ৩০ মিলিগ্রাম অ্যালকোহলকে স্বাভাবিক ধরা হয়। তার দেহে মরফলিন পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।
এদিকে দুর্ঘটনার সময় সালমানের স্পোর্টস কারটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না বলে পরীক্ষা করে দেখেছেন বলে আদালতে জানান আন্ধেরির আঞ্চলিক পরিবহন কর্মকর্তা।

এদিন আদালতে সালমানের সঙ্গে তার দুই বোন আলভিরা ও অর্পিতা ছিলেন। তাদের আইনজীবী জে.জে. হাসপাতালের চিকিৎসককে দিয়ে রিপোর্টটি পুনরায় পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন আদালতে। এ ছাড়া বরাবরই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ অস্বীকার করে এসেছেন সালমান। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই অনিচ্ছাকৃত হত্যা মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।
কিছুদিন আগে এই মামলার শুনানিতে আদালতে সাক্ষী জেডব্লিউম্যারিয়টের পার্কিং অ্যাসিসটেন্ট জানান, ওই রাতে সালমানই ছিলেন চালকের আসনে। ঘটনার কিছুক্ষণ আগে তিন বন্ধুকে নিয়ে ল্যান্ডক্রুজার চালিয়ে বেরিয়ে যান সল্লু। বের হওয়ার সময় তার হাতে ৫০০ রুপি বকশিসও দিয়ে যান। সব মিলিয়ে ৬৩ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। বেশিরভাগই জানিয়েছেন, ঘটনার দিন চালকের আসন থেকে নেমে এসেছিলেন সালমানই।


























































