দুই বড় দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে। সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ লোকজন।
তবে কোন ধরণের সহিংসতা চালানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে নগর পুলিশ।
বিএনপি সূত্র জানায়, পাঁচ জানুয়ারী কালো পতাকা মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে নগর বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার প্রস্তুতি সভাও সম্পন্ন করেছে তারা।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাঁচ জানুয়ারী রাজপথ গণতন্ত্রকামী মানুষের দখলে থাকবে। দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের যে ডাক দিয়েছেন তা সফল করতে চট্টগ্রামের জনগণ প্রস্তুত রয়েছে। বিগত দিনে চট্টগ্রাম থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলন শুরু করা হয়েছিল। আগামী পাঁচ জানুয়ারী চট্টগ্রাম থেকে এ স্বৈরাচারী অবৈধ সরকারের পতনের আন্দোলন শুরু করা হবে।’
আওয়ামী লীগ সূত্র জানায়, মহাজোট সরকারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ জানুয়ারী রাজপথ দখলে রাখতে মরিয়া আওয়ামী লীগ। সকাল থেকে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশের গান পরিবেশন করা হবে। বিকালে বিশাল বর্ণাঢ্য র্যালী ও লালদিঘী মাঠে মহা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন,‘যে কোন ধরণের জ্বালাও-পোড়াও, সহিংসতা রাজপথে থেকে প্রতিহত করবে নগর আওয়ামী লীগ।’
বিএনপিকে পরাজিত শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন,‘পরাজিত শক্তির হুঙ্কারে আওয়ামী লীগ নেতাকর্মীরা কথনো ভয় পায় না।’
এদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ জানুয়ারী সকাল থেকে কঠোর অবস্থানে থাকবে নগর পুলিশ। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে তারা।
সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, কাউকে রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জান মাল ক্ষতি করতে দেওয়া হবে না। মানুষের স্বস্তি নিশ্চিত করতে যা যা করার তা করা হবে। কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।


























































