ডেস্ক রিপোর্টঃ
টক শো ফন্ট্র লাইন বন্ধের বিষয়ে দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী রোববার বলেছেন, কেন অনুষ্ঠানটি বন্ধ করা হলো তার কারণ এখনো জানি না। তবে বুঝতেই পারেন, নানা ঝামেলা। এ বিষয়ে বাংলাভিশনের কর্র্তৃপক্ষ আপনাকে কিছু বলেছে কী? তারা আমাকে সমবেদনা জানিয়েছে। সরকারের তরফ থেকে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে কী? না। তবে সাংবাদিক হিসাবে আপনিও বুঝেন কোথায় ঝামেলা।
তিনি বলেন, অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি। দীর্ঘদিন যাবত অনুষ্ঠানটি করেছি। অনেক মানুষের সঙ্গে অনুষ্ঠানটির মাধ্যমে সম্পর্ক হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের মিস করবো। তিনি বলেন, অনুষ্ঠান বন্ধের পর অনেকে আমাকে টেলিফোন করেছেন। সমবেদনা জানিয়েছেন। তবে অনুষ্ঠানটি আবার চালু হবে কি না আমার জানানেই। টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা অনুষ্ঠানটি চালু করার বিষয়ে কোন ধরণের আশ্বাস দিতে পারেনি।
রাজনৈতিক বিষয়ের টক শো ফ্রন্ট লাইন বাংলাভিশনে নিয়মিত প্রচারিত হতো। এই অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি সরকারের বিভিন্ন বিষয়ের সমালোচনা তার টকশোতে তুলে ধরতেন। টক শোর বাইরেরও মতিউর রহমান চৌধুরী বিভিন্ন সময়ে মিডিয়ার স্বাধীনতার বিষয়ে কথা বলেছেন। মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে তিনি তথ্যমন্ত্রীসহ বিভিন্ন মহলেও আলোচনা করতেন।

























































