ডেস্ক রিপোর্টঃ
বিএনপি-জামায়াতের চলমান অবরোধ-হরতালে স্ব স্ব এলাকায় নাশকতা প্রতিরোধে ব্যর্থ মন্ত্রী-সংসদ সদস্যদের তালিকা করছে আওয়ামী লীগ। দলীয় নির্দেশনার পরেও যারা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বা গাফিলতি দেখিয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ১৪ দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, দলীয় নির্দেশনা দেয়ার পরেও সংসদ সদস্যদের অনেকেই নির্বাচনী এলাকায় যাননি। স্ব স্ব এলাকার সংসদ সদস্যরা সজাগ না হলে নাশকতা প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করা হয়।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন বসে। সংসদ চলাকালেই আওয়ামী লীগের পার্লামেন্টারী পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মন্ত্রী-সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে নাশকতাকারীদের তালিকা প্রস্তুত করে স্থানীয় থানায় দিতে বলা হয়।
ওই বৈঠকের পরেও রেলমন্ত্রী মুজিবুল হকের চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় সবচে’ বেশি মানুষ মারা গেছে। একইভাবে গাইবান্ধায় ডেপুটি স্পিকারের এলাকা, বরিশালে আবুল হাসনাত আব্দুল্লার এলাকাসহ অন্যান্য এলাকায় নাশকতা হয়েছে। সারাদেশে প্রায় ২৬টি জেলায় নাশকতা কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটেছে। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি হিসাবেই ৮৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক, দুই শতাধিক মানুষ পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নারকীয় যন্ত্রণা ভোগ করছে। ৬টি লঞ্চে অগ্নিসংযোগ, ২৫ দফায় ট্রেনে নাশকতা এবং বিভিন্ন ধরনের ১ হাজার ৭০টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
দলীয় মন্ত্রী-সংসদ সদস্যদের ব্যর্থতায় ক্ষুব্ধ হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজেও। মনে করা হচ্ছে, সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় দায়িত্ব পালন করলে জানমালের এ ক্ষতি এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে ১৮ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা স্ব স্ব এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্য এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যেখানে দলীয় সংসদ সদস্য নেই সেখানে ১৪ দলের নেতারা কাজ করবেন। এরপরেও বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে। আমরা স্থানগুলো চিহ্নিত করছি। এ কাজে দলীয় কারো কোন গাফিলতি থাকলে সে যে হোক না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।























































