শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চসিক নির্বাচনকে স্বাগত আ’লীগ কাউন্সিলদের, নীরব মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

CCC_Photobg_368635329

ডেস্ক রিপোর্টঃ

আগামী জুন মাসের প্রথম ভাগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।  মঙ্গলবার এ পরিকল্পনার কথা জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

নির্বাচন কমিশনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা।  বৃহস্পতিবার করপোরেশনের ৫৬ তম সাধারণ সভার বক্তব্যে স্বাগত জানান তারা।

করপোরেশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে করপোরেশনের সাধারণ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা। এসময় নীরব ছিলেন বিএনপি সমর্থিত মেয়র এম মনজুর আলম। সাধারণ সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।  এছাড়া বিভিন্ন ওয়ার্ডে অসম্পন্ন কাজ দ্রুত শেষ করতেও তাগাদা দেন তারা।

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারি বাংলানিউজকে বলেন,‘ইতিমধ্যে চসিক নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসি। আমরা এ ঘোষণাকে স্বাগত জানিয়েছি। আশা করছি যথা সময়ে  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর কার্যালয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন,‘মেয়াদ শেষের আগে চট্টগ্রাম সিটির নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। মধ্য জুন থেকে রোজা শুরু হচ্ছে। সেক্ষেত্রে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট করা হবে। উপযুক্ত সময় (ভোটের ৪৫ দিন আগে) রেখে তফসিল ঘোষণা করা হবে।’

সিডিএ’র কর্মকাণ্ডে মেয়রের উষ্মা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেছেন সিটি মেয়র এম মনজুর আলম।

সিডিএ চেয়ারম্যানকে ইঙ্গিত করে সাধারণ সভায় তিনি বলেন,‘যার কাজ যেটা তার সেটা করা উচিত।  অন্যের কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়।  কোন বিষয়ে না জেনে মন্তব্য করাও কাম্য নয়।’

সোমবার নগরীর মুরাদপুর ও মঙ্গলবার চকবাজার এলাকায় খাল পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।  এসময় তিনি সাংবাদিকদের বলেন,‘খালগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যেতো। ’

নতুন খাল খননের চেয়ে বিদ্যমান খালগুলো সংরক্ষণ করা জরুরী বলেও মন্তব্য করেন তিনি।

নগরীর খালগুলো সংরক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি