শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে নগর ভবনে মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৫

mayor_bg_641447107

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন মেয়র এম মনজুর আলম।  সোমবার দুপুরে নগর ভবনের মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধী জোটের লাগাতার হরতাল-অবরোধ শুরু হওয়ার পর নিজ কার্যালয়ে বসে প্রথম দাপ্তরিক কাজ সেরেছেন সিটি মেয়র।  বৈঠকে মেয়র কর্মকর্তা-কর্মচারিদের নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সিটি মেয়র বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা নগরবাসীর করের বিনিময়ে পরিশোধ করা হয়। নাগরিকদের কাঙ্খিত সেবা নিশ্চিত করা কর্মকর্তা ও কর্মচারিদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারিদের নিষ্ঠা, সততা, কর্তব্য পরায়নতার উপর কর্পোরেশনের সুনাম নির্ভর করে। সিটি কর্পোরেশনের সুনাম অটুট রাখা ও সুনাম বৃদ্ধির জন্য কর্মকর্তাদের আরো বেশি আন্তরিক হতে হবে।

২০১৪ সালের ৬ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে কার্যালয়ে আসেননি সিটি মেয়র এম মনজুর আলম। নগরীর উত্তর কাট্টলী নিজ বাসভবনে বসে করপোরেশনের দাপ্তরিক কাজ সেরেছেন তিনি। জানুয়ারি ও চলতি মাসে সাধারণ সভায় অংশ নিতে দুইবার নগর ভবনে আসলেও কার্যালয়ে বসে তিনি দাপ্তরিক কাজ করেননি।  বিরোধী জোটের হরতাল-অবরোধে সোমবার প্রথম কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করেছেন সিটি মেয়র এম মনজুর আলম।

বৈঠকে রাজস্ব আদায়, শিক্ষা কার্যক্রম, প্রকৌশল বিভাগের উন্নয়ন কার্যক্রম, নালা-নর্দমা ও খালের মাটি-আবর্জনা উত্তোলন কার্যক্রম, নগরীর রাস্তার আলোকায়ন, যানবাহন মেরামত কার্যক্রম, স্বাস্থ্য সেবা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন মেয়র।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদ আহমদ, সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মনজুরুল ইসলাম, উপ সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী, আনোয়ার হোসাইন, মো. মাহফুজুল হক, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, কামরুল ইসলাম ও মো. আবু ছালেহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি