ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার সীমান্ত এলাকা আশাবাড়ীতে মাদকচোরাকারবারীকে ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ৪ সদস্য।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তাদের উদ্ধার করতে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএসএফের হাতে আটকের সময় ৪ গোয়েন্দা পুলিশের একজনের কাছে পিস্তল ছিল বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, আশাবাড়ী ভারতীয় সীমান্তবর্তী গ্রাম। এ গ্রামের পাশেই ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামের চোরাকারবারী আবদুল জলিলকে আটক করতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কন্সটেবল সেলিম ও কন্সটেবল জাফরসহ ৭ সদস্য তার বাড়িতে যায়। সন্ধ্যা ৬ টায় তার বাড়িতে গিয়ে অভিযান চালায় তারা। গোয়েন্দা পুলিশ তাকে ধরতে সীমান্ত মেইন পিলার ২০৫৯ এর কাছে নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের ভেতর ওই গ্রামে প্রবেশ করে। তারা আবদুল জলিলকে হ্যান্ডকাপ পড়ায়। এ সময় তার সাথে আরো দু জনকে হ্যান্ডকাপ পড়ালে গ্রামবাসী গোয়েন্দা পুলিশকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফের সদস্যরা গোয়েন্দা পুলিশদের আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। এলাকাবাসীর ধাওয়ার সময় গোয়েন্দা পুলিশের দলের অপর ৩ সদস্য দৌঁড়ে পালিয়ে চলে দেশের অভ্যন্তরে চলে আসে। তাৎক্ষনিকভাবে পালিয়ে আসা দের পরিচয় পাওয়া যায়নি। সাথে সাথেই ঘটনাটি জানাজানি হলে বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা শুরু হয়।
ডিবির ওসি মন্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে ফিরিয়ে আনার জন্য বিএসএফর সাথে আমরা আলোচনা করছি।


















































