ডেস্ক রিপোর্টঃ
নতুন করে আবার চাপে পড়তে পারে সরকার। এমনিতেই বিনিয়োগ মন্দায় অর্থনীতির ওপর চাপ; তারপর জনগণের ভোটের অধিকারের দাবিতে আন্দোলনে ব্যবসা-বাণিজ্যের ত্রাহি অবস্থা। উন্নয়ন সহযোগীরা সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুঁজে বের করার পরামর্শ দিচ্ছে; সে উপদেশ কার্যকরের আগে তিন সিটির নির্বাচনে কারচুপি নিয়ে বিতর্ক। নির্বাচনে জিতেও চাপে পড়েছে সরকার। জাতিসংঘ, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই এ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকায় কর্মরত কূটনীতিকরাও নির্বাচনে কারচুপির বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। এ অবস্থায় রাজনৈতিক অস্থিরতা বাড়লে অর্থনীতির দুরাবস্থা আরও বাড়বে। অর্থনীতিক আর রাজনৈতিক চাপের মুখেই সরকারকে প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে কূটনীতিকদের চাপও নতুন করে মোকাবিলা করতে হবে। অবাধে কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ তিন সিটিকর্পোরেশন নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইছে। বিতর্কিত এ নির্বাচনের ফলে দেশে এবং বহির্বিশ্বে সরকারে ভাবমূর্তি আবারও প্রশ্নের মুখে পড়েছে। এতে করে সরকার পুনরায় নানামুখী চাপে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আবার অশান্ত হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আবার নতুন করে চাপে পড়তে হতে পারে। জাতিসংঘসহ দেশের উন্নয়ন সহযোগিরাও তিন সিটির নজিরবিহীন কারচুপির এই নির্বাচনের সমালোচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জবর-দখল আর ভোটারবিহীন নির্বাচন গণতন্ত্রের জন্য অশনিসংকেত। গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে রাজনীতিতে অগণতান্ত্রিক শক্তির উত্থান, বিদেশি হস্তক্ষেপ, চরমপন্থা ও সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তারা বলেন, মত প্রকাশ করতে ব্যর্থ হলে মানুষ ভিন্নপথ অবলম্বন করে। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ বিষয়ে বলেন, নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের ক্ষোভের প্রকাশ ঘটিয়ে থাকে। কিন্তু ২৮ এপ্রিলের নির্বাচনে ভোটাররা ভোটই দিতে পারলেন না। ভোটাররা নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের ক্ষোভ আরও বাড়ে। এতে করে চরমপন্থা, সহিংসতা ও অনিশ্চয়তার রাজনীতির আশঙ্কা বাড়লো। আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি, বাংলাদেশের রাজনীতিবিদরা অতি দ্রুত একটি সমাধানে পৌঁছবেন। কেননা, আমরা আমাদের সম্ভাবনার বাংলাদেশকে ধ্বংস হতে দেখতে চাই না। সংবিধান রক্ষার নামে দেশের মানুষকে ভোট দেয়া থেকে বঞ্চিত করে ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকারের ভাবমূর্তি বহির্বিশ্বের এখনো প্রশ্নবিদ্ধ। ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বের অনেক দেশ এখনো প্রশ্ন তুলছে। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের আগের অবস্থানে অনড়। এ অবস্থায় গত ২৮ এপ্রিলে অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তায় জালিয়াতি, নজিরবিহীন অরাজকতা দেখে বহির্বিশ্বে এখন দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েই সমালোচনা শুরু হয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন দূতাবাস, ব্রিটেনসহ আরও অন্যান্য দেশের প্রতিনিধিরাও এ নির্বাচনে কারচুপির বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে নির্বাচনে কারচুপির তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। ঢাকায় কর্মরত অনেক কূটনীতিক এ নির্বাচন নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া এবং কানাডা সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত অনিয়ম, অবৈধ কর্মকা- ও সহিংসতার দ্রুত নিরপেক্ষ তদন্ত চেয়েছে। কূটনীতিকদের এ সমালোচনা বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে সরকারের ওপর নতুন করে কূটনৈতিক চাপ পড়বে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর এ বিষয়ে ইনকিলাবকে বলেন, ২৮ এপ্রিলের নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। তাই এ নির্বাচনের দিকে আমাদের উন্নয়ন সহযোগিদের দৃষ্টি রয়েছে। বহির্বিশ্বেও এ নিয়ে আলোচনা হচ্ছে। এ ধরনের বিতর্ক দেশের জন্য কিছুটা হলেও নেতিবাচক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দুর্বলতা আর মামলা-প্রতিবন্ধকতার কারণে বিএনপি এ সরকারের বিরুদ্ধে সহসাই তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারলেও জনমনে ক্ষোভ বাড়বে। সেখান থেকে চরমপন্থা ও সহিংস রাজনীতির উদ্ভব হতে পারে। যেমনটা লিবিয়া, সিরিয়া ও তিউনিসিয়াতে হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, গণতন্ত্রহীন ও জবর-দখলের নির্বাচন কখনই গণতন্ত্রের জন্য সুখকর হয় না। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে মানুষ ভোটের অধিকার হারিয়েছে। ২৮ এপ্রিলের সিটি নির্বাচন জনগণের ভোটের অধিকারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যার কারণে, সময়ের ব্যবধানে এদেশেও সহিংস রাজনীতির প্রেক্ষাপট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি ইনকিলাবকে বলেন, ৫ জানুয়ারি নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন। দেশে-বিদেশে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য ২৮ এপ্রিলের সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা ছিল সবার। তা আর হলো না। দেশবাসী ও বিশ্ববাসী একতরফা ও গায়ের জোরে কেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার নির্বাচন দেখল। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শেষ সম্ভাবনাটুকুও কবর দেয়া হল। এ অবস্থায় চরমপন্থা মাথাচাড়া দেয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে বিএনপিকে অবশ্যই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে অগ্রসর হতে হবে। আর এই নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারলেই সরকার প্রচ-রকম দেশি-বিদেশি সর্বমহলের চাপে পড়বে। ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২০দলীয় জোটের টানা তিন মাসের আন্দোলনে দেশের অর্থনীতিতে ১৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বিশ্ব ব্যাংকের এক হিসাবে বলা হয়েছে। তবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের হিসাব মতে সে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ২০ দলীয় জোটের আন্দোলনের ঢাকা থেকে সারা দেশ বিচ্ছিন্ন ছিল। আন্দোলনের মুখে সবকিছু তছনছের ফলে দেশের অর্থনীতি যখন ধ্বংসের মুখে; তখন বিরতি দিয়ে তারা বিভক্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়। মানুষ মনে করেছিল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা হবে। ফলাফল যাই হোক নিরপেক্ষ তিন সিটির নির্বাচন জাতীয় রাজনীতির সংকট সমাধানের সুরাহার পথ তৈরি করবে। বিএনপি আশা করেছিল, স্থানীয় সরকারের সবচেয়ে সম্মানজনক এ নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন আরও জোরদার হবে। কিন্তু সরকারদলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশন, সরকারের প্রশাসন, পুলিশ বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের হস্তক্ষেপে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেনি বিএনপি। এমনকি অভিনব কায়দায় পুলিশের নীরবতা ও পোলিং-প্রিজাইডিং এজেন্টদের সহায়তায় ভোট ডাকাতি করায় ভোট দিতে পারেনি ঢাকা ও চট্টগ্রামের মানুষ। ভোট দিতে ব্যর্থ হয়ে এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো সাড়া না পেয়ে মাঝপথে ভোট বর্জন করে বিএনপি। এতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল নেতারা এখনো গোয়েবলসীয় কায়দায় নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য হয়েছে প্রমাণের চেষ্টা করছেন। এ অবস্থায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়বে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ বিষয়ে ইনকিলাবকে বলেন, নির্বাচন বিতর্কিত হয়ে পড়ায় বিরোধী দলের শক্তি থাক বা না থাক তারা আন্দোলনে যাবে। এতে বিনিয়োগকারীদের অনাস্থা আরও ঘনীভূত হবে। এটা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে খারাপ ফল বয়ে আনবে। এ সংক্রান্ত আরও খবর জিতেও চাপে সরকার দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।























































