শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জয় বাংলা- শ্লোগান নজরুলের কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৫

IMG_5309

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সময় যে ‘জয় বাংলা’ শ্লোগান দিতাম সেটি কবি নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন।’

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা শহরের টাউল হলে আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুল বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তার লেখা অসাধারণ সব লেখা। তার লেখা গান কবিতা আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা দিয়েছে। জাতির পিতা তার সঙ্গে নজরুলের ঘনিষ্ঠতার কথা আত্মজীবনীতে উল্লেখ করেছেন। আমরা মুক্তিযুদ্ধের সময় যে ‘জয় বাংলা’ স্লোগান দিতাম সেটি কবি নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন।

তিনি বলেন, ১৯২১-২৪ সাল পর্যন্ত নজরুল কুমিল্লায় এসেছেন বারবার। তিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ লেখা এখানে থেকে লিখেছেন। তার লেখায় ধনী-দরিদ্র, নারী-পুরুষের বৈষম্যের কথা উঠে এসেছে। তার লেখার মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষ অর্থাৎ, কুলি, হরিজন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক কেউ বাদ যায়নি।

প্রধানমন্ত্রী বলেন, নজরুলের কবিতা পড়লে মনে হয় এমন একটি বিষয় নেই যেটি তিনি স্পর্শ করেননি। তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের প্রেরণা যোগায়। অসাম্প্রদায়িক চেতনা লালন করায় তাকে অনেক কথা শুনতে হয়েছে। তিনি অনেক ইসলামী সংগীতও রচনা করেছেন। আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নজরুলের লেখাগুলোই ব্যবহার করা হয়। একইসঙ্গে হিন্দুদেনর পূজা –পার্বন নজরুলের শ্যামা সংগীত, কীর্তন ছাড়া হয় না। কবি কাজী নজরুল ইসলামের লেখা আমাদের প্রেরণা যুগিয়েছে। তাঁর লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ হেলিকপ্টার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করে। তারপর তিনি কুমিল্লা সার্কিট হাউসে কিছুণ বিশ্রাম নিয়ে মঞ্চে আসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি