ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মৎস্য ভবনের সামনে পেট্রোলবোমায় পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান ও বরকতুল্লাহ বুলসহ ৩১ জনের বিরুদ্ধে অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন করার বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন কি না এমন ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
একই দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ১৪ সেপ্টেম্বর নেয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এ দুটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে কি বড় ধরনের প্রভাব বিস্তার করবে এবং ‘টারনিং পয়েন্ট’ কি না সে সম্পর্কে বিশ্লেষকরা বলছেন বিষয়টি সঠিকভাবে আপাতত ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে তারা মনে করেন দুটি ঘটনাতে রাজনীতিতে সুবাতাসের পূর্বাভাস দিচ্ছে কি না তা বুঝতে আরেকটু সময় প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামছুর রেহমান আমাদের সময় ডটকমকে বলেন, বিষয়টি পরষ্পর বিরোধী হয়ে যায়। যেখানে পুলিশ মামলা করছে সেখানে কেন তারা প্রত্যাহারের বিষয়ে আবেদন করছে? তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে তাতে স্থীতিশীল পরিবেশ রাখার জন্য বড় দুই দলের মধ্যে সম্পর্ক ভালো করার বিকল্প নেই। আর পুলিশ যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করতেই হবে।
তবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আতাউর রহমান মনে করেন, এবিষয়ে এখনই মন্তব্য করার সময় আসে নি। বিষয়টি আইনের, আইন অনুযায়ী সবকিছু হতে হবে। হতে পারে ঐ মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি, তাই পুলিশ তা করছে। আর অধ্যাপক ড. মাহবুবুল্লাহ বলেন, এবিষয়ে কোন মন্তব্য করা যাবে না। সরকার কি করছে কেন করছে তা পর্যবেক্ষণ করে বলতে হবে।
সিনিয়র সাংবাদিক ড. রেজওয়ান সিদ্দিকি মনে করেন, দুএকটি মামলা প্রত্যাহার বা অব্যাহতিতে সরকারের মনোভাবের পরিবর্তন দেখার সুযোগ নেই। এরকম মামলা প্রত্যোকের বিরুদ্ধে ৬০ থেকে ৭০টি করে রয়েছে। যদি এরকম সব মিথ্যা মামলা প্রত্যাহার হয় তবে বলা যাবে বিএনপির প্রতি সরকারের মনোভাব পরিবর্তন হচ্ছে।
গত ১৭ জানুয়ারি রাতে রমনা পার্কসংলগ্ন মৎস্য ভবন মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা হামলায় পুলিশের ১৩ জন সদস্য দগ্ধ হন। কনস্টেবল শামীম মিয়া ৫ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উচ্ছাস, আগ্রহ তৈরি করতে পেরেছিলেন, তার নজির খুব কমই রয়েছে। গুজরাটের দাঙ্গার স্মৃতি বা বিজেপির বাংলাদেশ বিরোধী কথাবার্তা ইত্যাদির পরও বাংলাদেশে মোদিকে নিয়ে এই উচ্ছাস কেন? এমন সব উপকরণ নিয়ে সমীকরণ তৈরি করছেন বিশ্লেষকরা।
২০০২ সালে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকার সময় গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সাথে তার সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ এখনো ঘোচেনি। ২০১৪ তে ভারতে নির্বাচনের আগে তার দল বিজেপির নেতাদের মুখে বাংলাদেশ বিরোধী কথাবার্তা শোনা গেছে। মোদির ক্ষমতা গ্রহণের পর কট্টর হিন্দু গোষ্ঠিগুলোর পক্ষ থেকে সংখ্যালঘুদের ধর্মান্তরের চেষ্টা বা অন্যান্য বাড়াবাড়ির ঘটনাও ঘটেছে। কিন্তু এ বিষয়গুলো বাংলাদেশের মানুষ, রাজনীতিক বা সংবাদ মাধ্যম এ দুদিনে তেমন আমলেই নেয়নি।
শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সাধারণ মানুষের মধ্যে মোদিকে নিয়ে উৎসাহের কমতি নেই। বিবিসি বাংলাকে একজন ব্যবসায়ী কামরুল ইসলাম বলেছেন, গুজরাট দাঙ্গার সময় মোদির কথা আমরা শুনেছি, সেসব কিছুই ভুলি নাই। কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষায় কি করেন মোদি সেটার দিকে তাকিয়ে আছি। আরেকজন বলছিলেন “বাংলাদেশ নিয়ে গত একবছর ভারতের অনেক নেগেটিভ কথা পেপারে পড়েছি, কিন্তু মনে হচ্ছে তিনি ততটা নেগেটিভ হবেন না”।
বাংলাদেশে ও ভারতের অমীমাংসিত বেশ কিছু ইস্যু এই সফরের মাধ্যমে সমাধান হতে পারে এমন আশা ছিল অনেকের। তবে বেশ কিছু বিষয়ে সে প্রত্যাশা পূরণ হয়নি। সেক্ষেত্রে যারা আগ্রহ প্রকাশ করছেন, তারা আর অতীতের বিতর্কিত কোন বিষয়কে সামনে আনতে চাচ্ছেন না। বরং মোদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে ইতিবাচক কি কাজ করেন সেটার মূল্যায়ন করতে চান অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রোববার ভাষণ দেবার পর মোদি সম্পর্কে ক্যাম্পাসে একজন ছাত্র বলছিলেন, ওই ভাষণে মোদি যেভাবে ১৯৭১এর মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তা অনেককে স্পর্শ করেছে।
আরেকজন বলছিলেন “তিনি একজন ভাল রাজনীতিবিদ বলে আমার মনে হয়, না হলে ভারতের মত এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না”।
বাংলাদেশের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত টুটটার, ফেসবুকে বাংলাদেশ সম্পর্কে পোষ্ট দেন। একজন প্রধানমন্ত্রীর এই বিষয়টি অনেকটাই এদেশের মানুষের কাছে ছিল নতুন।
বেসরকারি সংস্থায় কাজ করেন এমন একজন বিবিসি বাংলাকে বলছিলেন, ছিটমহল চুক্তি ফাইনাল করে তিনি আগেই একটা আগ্রহ তৈরি করে রেখেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলছিলেন, তার জনপ্রিয়তা আছে, কিন্তু তার সফরে তিস্তা চুক্তি নিয়ে যে আশা ছিল তা পূরণ হয় নি। আসলে বাংলাদেশর প্রাপ্তির জায়গাটা বেশি না, এটা মানুষ বুঝতে পারলে উচ্ছ্বাস আস্তে আস্তে কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। তবে এসব কিছুর পরেও, সবার যে এই বিষয়ে আগ্রহ ছিল- এমনটা মানতে নারাজ কেউ কেউ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তফা মনোয়ার বলছিলেন, তার এবং তার বন্ধুমহলে এই বিষয়ে কোন আগ্রহ নেই। বরং মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে – সেটা নিয়ে তারা ফেসবুকে ব্যঙ্গ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রথম এক বছরে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ ছিল তার সরকারের উপর। এছাড়া বাংলাদেশের অভিবাসী দিয়ে ভারতের করা মন্তব্য গণমাধ্যমে এসেছে কয়েকবার।
তবে সেসব বিষয়গুলোকে ভুলে না গেলেও বাংলাদেশের উন্নতির প্রসঙ্গটিই তারা এখন মুখ্য করে দেখছেন।
মোদিকে নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা, বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষন, টেলিভিশন টক শো’তে মোদির ভাষণ নিয়ে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ সব কিছু মিলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে তা আদৌ কতটা সুবাতাস বইয়ে দিতে পারে তা টের পেতে কিছুটা অপেক্ষা করতে হবে বৈকি।























































