প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরাই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তাই হিন্দু সম্প্রদায়কে তাদের বিবেক, চিন্তা ও চেতনার পরিবর্তন করে আওয়ামী লীগ ছেড়ে আসতে হবে।’
সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের হিন্দু-মুসলমানদের মধ্যে কিছু ঘাটতি আছে। হিন্দু পরিবারগুলোকে বুঝাতে হবে শুধু নৌকা ও আওয়ামী লীগ বললেই হবে না। তাদের বুঝতে হবে বিএনপি সকল ধর্মে বিশ্বাসী একটি দল। ২১ শতকে এসে পুরোনো চিন্তা করলে আপনারা ভুল করবেন। তাই আপনাদের বিবেক ও চেতনার পরিবর্তন করতে হবে। আর এ জন্যই আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি।’























































