সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার সমর্থকদের বিধি লঙ্ঘনের প্রমাণ পাচ্ছে না ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৫

news_img15-400x240ডেস্ক রিপোর্টঃ

পৌরসভা নির্বাচনের আর মাত্র আটদিন বাকি। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে ব্যর্থ অধিকাংশ রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন সোমবারে ১০জনসহ গত দেড় সপ্তাহে প্রায় ৫০জন রিটার্নিং কর্মকর্তাকে পর্যায়ক্রমে চিঠি দিয়েছে। চিঠিতে গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম, হুইপ আতিউর রহমান, আওয়ামী লীগের তিন সাংসদ এবং দলটির মেয়র প্রত্যাশিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, কমিশন প্রতিবেদন পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের কোন সময়সীমা বেঁধে দেয়নি।

ইসি সোমবার পর্যন্ত সারাদেশ থেকে মাত্র ১০জন রিটার্নিং কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেয়েছে। এদের অধিকাংশই মিথা অভিযোগের প্রমাণ পেয়েছেন। এমনকি কিছু কর্মকর্তা দাবি করেছেন, সংবাদ মাধ্যমের প্রতিবেদন খাঁটি নয়।

ইসি সচিবালয়ের এক উপসচিবের সঙ্গে কথা বলেছে ডেইলি স্টার। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের তদন্তের জন্য সময় প্রয়োজন। তাই বিলম্বের ঘটনা ঘটছে।

যদিও নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন আসতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই অবিলম্বে রিটার্নিং কর্মকর্তাদের সমস্ত তদন্ত কার্যক্রম সম্পন্ন করা উচিত।

সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের সময়সীমা বেঁধে দেয়া উচিত এবং যারা এ সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

একজন নির্বাচন কমিশনার কিছু রিটার্নিং কর্মকর্তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন প্রমাণ পায়নি। তিনি বলেন, ‘তাদের আন্তরিকভাবে এসব ঘটনার তদন্ত করা উচিত।’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান ৩ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় এক সমাবেশে যোগদান করেন। সমাবেশে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর উপস্থিতিতে মন্ত্রীদ্বয় আওয়মী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিতের জন্য দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার ও একসাথে কাজ করার আহবান জানান।

ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তা তার তদন্তে দাবি করেন- মন্ত্রী জনসভায় বক্তব্য রেখেছেন তবে তিনি মেয়র প্রত্যাশির জন্য প্রচারণা চালাননি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মন্ত্রী, সংসদের হুইপ এবং আইনপ্রণেতারা কোন ধরনের নির্বাচনী কার্যক্রমে যোগ দিতে পারবে না।

দুইশ’ প্রার্থীর বৈধতা:

প্রার্থীদের বৈধতা দিয়ে হাইকোর্টের দেয়া রায়কে চ্যালেঞ্জ করতে সোমবার নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেয়। হাইকোর্ট প্রায় ২০০ মেয়র ও কাউন্সিলর প্রত্যাশির প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেয়। ইসি সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য তিন কমিশনার এ আপিল করার পক্ষে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপ কমিশনারবৃন্দ ব্যাংক ঋণ ও অন্যান্য বিল খেলাপিসহ বিভিন্ন কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করেন। এক নির্বাচন কমিশনার এ সিদ্ধান্তের বিরোধীতা করেন। তিনি বলেন, এর ফলে ব্যালট ছাপাতে জটিলতা তৈরি হবে। কোর্ট আবেদন নিষ্পত্তির জন্য অন্তত আরো কয়েকদিন সময় নেবে। যদি কোর্ট কিছু আপিল বহাল রাখে তাহলে কমিশন তাদের নির্বাচনী প্রতীকসহ পুনরায় ব্যালট ছাপবে।

চাটখিল নির্বাচন:

এক নির্বাচন কমিশনার জানান, মঙ্গলবার নির্বাচন কমিশন নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপির মেয়র প্রত্যাশি মোস্তফা কামালের মনোনয়নের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কামাল ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে দেয়া চিঠিতে অভিযোগ করেন, আগের দিন তার প্রার্থিতা প্রত্যাহার করার জন্য একটি পত্রে স্বাক্ষর করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন তাকে বাধ্য করে।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রার্থীর পক্ষে ইসিতে অভিযোগ দায়ের করেন। পরে নির্বাচন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। সোমবার এ কমিটি ইসিতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে এ অভিযোগ সত্য নয়। তদন্ত কমিটিতে অভিযোগের শুনানির সময় কামাল এবং খোকন কেউই উপস্থিত ছিলেন না।

খোকন সোমবার পুনরায় ইসিতে যান এবং একটি চিঠি প্রদান করেন। তিনি জানান, অভিযোগের প্রমাণে প্রয়োজনীয় সব নথিপত্র তদন্ত কমিটিতে প্রদান করা হয়েছে।

ওসি’দের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ:

ইসি তিন জেলার পুলিশ সুপারদের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। এ তিন পুলিশ স্টেশন হলো সুনামগঞ্জের জগন্নাথপুর, নোয়াখলীর হাতিয়া ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জ।

কমিশন এর আগে একই অভিযোগে পুলিশ কর্তৃপক্ষকে চাঁদপুরের উত্তর মতলব, মৌলভীবাজারের কুলাউড়া ও মাদারীপুরের কালকীনী থানার ওসিদের প্রত্যাহারের নির্দেশ দেয়।

সাংসদদের সতর্ক:

সোমবার ইসি আওয়ামী লীগের তিন সাংসদকে পৃথকভাবে  চিটি দিয়েছে। চিঠিতে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে সতর্ক করা হয়েছে। নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল, ঢাকা-২০ আসনের এমএ মালেক ও বরগুনা-২ আসনের সৌকত হাসনুর রহমান নির্বাচনবিধি ভঙ্গ করার জন্য ক্ষমা চেয়েছেন।

এদিকে পোরসভা নির্বাচনকে সামনে রেখে সব দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সোমবার আওয়ামী লীগ ইসির কাছে দাবি জানিয়েছে। ধানমন্ডিতে দলের প্রেসিডেন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল হক হানিফ বলেন, গত কয়েকদিনে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যা অন্যায়। ইসি একই ধরনের বিধি ভঙ্গের কারণে কছিু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি