মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভ্রমণপিপাসুদের বরাবরই আকর্ষণ করে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে এখানে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি আনন্দের জন্য পর্যটন নগরী কক্সবাজারে যোগ হয়েছে নতুন আকর্ষণ প্যারাসেইলিং।
রোমাঞ্চকর এই খেলাটি বাংলাদেশে নতুন হলেও, অল্প কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। তবে প্যারাসেইলিংকে আরো বেশি জনপ্রিয় করতে প্রশাসনের সহায়তা দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
নিচে সমুদ্রের স্বচ্ছ নীল পানি। আর উপরে বিশাল আকাশের হাতছানি। এ দুইয়ের মাঝে মিলনবন্ধন জুড়ে দিয়েছে প্যারাসেইলিং নামের রোমাঞ্চকর খেলা। স্পিডবোর্ডে প্যারাসুট বেঁধে তিন থেকে চারশো ফুট উপরে আকাশে ভেসে বেড়ানোর এ খেলার নামই ‘প্যারাসেইলিং’। বিশ্বের বিভিন্ন দেশে দুঃসাহসিক এ খেলাটি বেশ জনপ্রিয় হলেও, বাংলাদেশে এ আয়োজন নতুন।
খোলা আকাশে ভেসে মেঘের সঙ্গে লুকোচুরি আর সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সেই দুর্লভ অভিজ্ঞতার কথা জানান পর্যটকরা। প্যারাসেইলিং এর পাশাপাশি সমুদ্র সৈকতকে ঘিরে আরো নতুন নতুন বিনোদন ব্যবস্থার পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা। সেই সঙ্গে প্যারাসেইলিংয়ের জনপ্রিয়তা বাড়াতে পর্যাপ্ত সুবিধাসহ প্রশাসনের সহায়তা চান তারা।
২০১৪ সালে কলাতলী পয়েন্টে প্রথম প্যারাসেইলিং খেলার আয়োজন করা হয়। বর্তমানে দরিয়ানগর ও হিমছড়িতে এই রোমাঞ্চকর খেলাটির অভিজ্ঞতা নিতে পারবেন ভ্রমণ পিয়াসীরা।


























































