ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র ও ড্রোনসহ এক বিমানযাত্রীকে মঙ্গলবার সকালে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। পরে তাঁকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সোলাইমান। মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন। এ সময় শুল্ক গোয়েন্দারা একটি সিকিউরিটি স্টেনগান, একটি ড্রোন ও ৪২টি এলইডি লাইটসহ তাঁকে আটক করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, সোলাইমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আটক সোলাইমানের দাবি, তাঁর কাছ থেকে জব্দ করা মালামালগুলো খেলনা সরঞ্জাম ছিল। এক বন্ধুর জন্য তিনি জিনিসগুলো বহন করে আনেন।


























































