রাজনীতিতে আসছে ব্যাপক পরিবর্তন। বড় দুই দলই আগামী কাউন্সিলে তরুণ, মেধাবী ও যোগ্য নতুনদের প্রাধান্য দিচ্ছে। নতুন অনেকেই দলের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই হাওয়া এখন জোরেসোরে বইছে। আর নতুন নেতৃত্ব বের হলেই রাজনীতির পালেও নতুন হাওয়া লাগবে।
সময়ের চাহিদায় এ পরিবর্তন দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বে ঘটছে। সেই সঙ্গে জাগছে নতুন আকাঙ্খা বাস্তবায়নে নতুন আশা। উভয় দলেই শীর্ষ নেতৃত্বে পরিবর্তন না হলেও গুরুত্বপূর্ণ পদগুলোতে আসছে নতুন মুখ। সমূলে বাদ যাচ্ছে না প্রবীণরাও। গণতান্ত্রিক পদ্ধতিতে এই পরিবর্তন আনার বিধান রয়েছে দলীয় গঠনতন্ত্রেই। এ লক্ষ্যেই উভয় দলে জাতীয় কাউন্সিলের ব্যাপক প্রস্তুতি চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের কাউন্সিলের সময়সূচি ঘোষণা করেছে ২৮ মার্চ।
বিএনপি কাউন্সিল ১৯ মার্চ হতে পারে। এদিকে কেন্দ্রে কাউন্সিল ঘিরে সারা দেশে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিযোগিতামূলক নেতৃত্ব উপহার দিতে জেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। তাতে দীর্ঘদিনের কাঙ্খিত পদ অর্জন করতে লবিং-তদ্বির শুরু করেছে প্রত্যাশিরা। আর দলে টিকে থাকার জন্য কৌশলী ভূমিকায় বর্তমান নেতারা।
শীর্ষ নেতাদের নির্দেশ সাংগঠনিক যোগ্যতা, দক্ষতা আর আদর্শের প্রতি অবিচল নেতাদের সমন্বয়ে গঠন করতে হবে নেতৃত্ব। তৃণমূলের পাশাপাশি সময়োপযোগী কেন্দ্রীয় নেতৃত্ব ও শক্তিশালী কমিটি গঠনের সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব আর সাংগঠনিক কাঠামোও অনেকটাই বদলে যাচ্ছে। বড় ধরনের পরিবর্তন আসছে প্রায় সব কমিটিতেই। দলের প্রতি আনুগত্য আর আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ নেতাদের সম্মানিত করতে একাধিক উপ-কমিটি সৃষ্টি করা হচ্ছে। গুরুত্ব পাচ্ছে নারী নেতৃত্ব বিকাশেরও। বিভিন্ন সেক্টরে অবদান রাখা সুশীল সমাজের দক্ষিণপন্থী সদস্যদের বিএনপির পরামর্শক কমিটিতে রাখার চিন্তা রয়েছে দলীয় প্রধানের। মোদ্দাকথা এবারের কাউন্সিলের দোলা লাগবে নতুনদের পালে।
প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত থাকা সংগঠনের অনেক নেতাই এখন শ্রম ও মেধাদানে অপারগ। এ বিষয়টি মাথায় রেখেই আগামী তিন যুগের জন্য নেতৃত্ব উপহার দিতে বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বদ্ধপরিকর। তিনি ছাত্রদলের আসন্ন কমিটি গঠনের ক্ষেত্রে কঠোরতা প্রকাশ করেছেন, বলেছেন, ছাত্রত্ব নেই এমন ছাত্রনেতাকে কোনভাবেই ছাত্রদলের কমিটিতে স্থান দেয়া যাবে না।
যে কারণে ঝুলে আছে পূর্ণাঙ্গ কমিটি। তার এমন মনোভাব কেন্দ্রীয় কমিটির বেলাতেও। তাই বিভিন্ন কমিটিতে পুরনোদের সাথে নতুনদের সমন্বয় করা হবে। অবশ্য তাতে তারুণ্যের আধিক্য থাকবে। এবার দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যানের হাতে আরো গুরু দায়িত্ব ন্যস্ত করা হবে। চেয়ারপার্সনের অনুপস্থিতিতে তাকেই শীর্ষ নেতার হাল ধরতে হবে। বিলুপ্ত করা হচ্ছে সিনিয়র যুগ্ম-মহাসচিবের পদটিও। মহাসচিবের দায়িত্ব পালনকারী (ভারপ্রাপ্ত) মির্জা ফখরুল ইসলামকেই আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত করা হবে। সূত্রমতে, নির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে ৯০’এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং দলের সাবেক ছাত্রনেতাদের গুরুত্ব দেয়া হবে। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওই সকল নেতাদের একটি তালিকাও করেছেন বিএনপি প্রধান। নতুন কমিটিতে তাদের পদ দেয়া হবে। দলের বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী নতুন ৭ জন যুগ্ম-মহাসচিব থাকছে।
এই তালিকায় নতুনদের মধ্যে মজিবর রহমান সরোয়ার, ড. আসাদুজ্জামান রিপন, নজরুল ইসলাম মঞ্জুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেলের নাম শোনা যাচ্ছে। ৮ বিভাগের দায়িত্বে ৮জন সাংগঠনিক সম্পাদক মনোনীত হবেন। ৯০-এর আলোচিত সাবেক ছাত্রনেতা সানাউল হক নীরু ও তার সময়কার ছাত্রনেতাদের হাতেই যাচ্ছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব। বর্তমানে ৩৮৬ সদস্যের বর্তমান নির্বাহী কমিটির আকার ছোট করে তাতে উপ-সম্পাদক পদ সৃষ্টি করা হচ্ছে।
বার্ধক্যজনিত ও নিস্ক্রিয়তার অভিযোগে কিছু নেতা স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি থেকে বাদ পড়বেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সন্দেহের তালিকায় রয়েছেন-দলের স্থায়ী কমিটির কয়েক সদস্য। এরা জেল-জুলুম থেকে গা বাঁচাতে এবং দলীয় প্রভাবেই অর্জিত সম্পদ রক্ষা করে নিষ্কন্টকভাবে একলা চলেছেন। গণমাধ্যমের সাথে সু-সম্পর্ক রাখতে চেয়ারপার্ননের প্রেস উইংয়ের আকার বাড়ানো হবে।
তাতে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ-এর নেতৃত্বে আরো চারজন সিনিয়র সাংবাদিক এই উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। একই সাথে দলীয় দফতরেও দক্ষদের সম্পৃক্ত করে দফতর সম্পাদক ছাড়াও সহ-দফতরের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে গঠনতন্ত্র সংশোধনী কমিটির কাছে।
জেলা পর্যায়ের কাউন্সিল শুরু আগামী সপ্তাহেই : দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিএনপির জেলা কাউন্সিল। সিলেট জেলা দিয়ে কাউন্সিল শুরু হচ্ছে। ইতোমধ্যে কেন্দ্র থেকে জেলা কাউন্সিলের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাইবান্ধার কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগের ঝিনাইদহ, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট, মেহেরপুর, রাজশাহী জেলা ও মহানগর, নওগাঁ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ঝালকাঠি, শরীয়তপুর ও ফরিদপুর জেলার সম্মেলন আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন জানিয়েছেন।
পরিবর্তন আসছে দেশের বৃহত্তম দুই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের কাউন্সিলের সময়সূচী ঘোষণা করেছে ২৮ মার্চ। কাউন্সিল ঘিরে সারা দেশে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিযোগিতামূলক নেতৃত্ব উপহার দিতে জেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। তাতে দীর্ঘদিনের কাঙ্খিত পদ অর্জন করতে লবিং-তদ্বির শুরু করেছে প্রত্যাশিরা।
আর টিকে থাকার যারপর নাই কৌশলী ভূমিকায় বর্তমান নেতারা। শীর্ষ নেতাদের নির্দেশ সাংগঠনিক যোগ্যতা, দক্ষতা আর আদর্শের প্রতি অবিচল নেতাদের সমন্বয়ে গঠন করতে হবে নেতৃত্ব। তৃণমূলের পাশাপাশি সময়োপযোগী কেন্দ্রীয় নেতৃত্ব ও শক্তিশালী কমিটি গঠনের সর্বাত্মক প্রস্তুুতি নেয়া হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে আসন্ন কাউন্সিলে আসছে অনেক পরিবর্তন। তারুণ্যকে অগ্রাধিকার দিয়ে এবারের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের সেøাগান ডিজিটাল বাংলাদেশ হলেও দলের কেন্দ্রীয় কমিটিতে তথ্য-প্রযুক্তি বিষয়ক কোনো পদ নেই।
কাউন্সিলে সম্পাদকম-লীর মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি পদ সৃষ্টি করা হবে। সেই সাথে প্রধানমন্ত্রীর পুত্র, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের গবেষণা সেলের দেখভালের দায়িত্বে থাকা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক ববি কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন এমন আলোচনাও শোনা যাচ্ছে।
দলের বর্তমান সাধারণ সম্পাদক থাকছেন নাকি এ পদে নতুন মুখ আসছে এ নিয়েও চলছে নানান গুঞ্জন। সব মিলিয়ে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও ৫ জানুয়ারি অতিক্রম করার পর এবার সংগঠনকে ঢেলে সাজাতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সম্মেলন সফল করতে চলছে প্রস্তুতি। পদ-পদবীর প্রত্যাশায় নেতাদের দৌঁড়ঝাঁপও শুরু হয়েছে। দলের সিনিয়র নেতারা বলছেন, এবারের ২০তম জাতীয় সম্মেলনে বেশ কিছু পরিবর্তন এবং নতুন সিদ্ধান্ত আসবে। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানো আলোচনা চলছে। বর্তমানে ৭৩ সদস্যের কার্যনির্বাহী সংসদের পরিধি বেড়ে ৮১/৮৩-তে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানোর লক্ষ্যে গঠনতন্ত্রে সংশোধনী আনার প্রস্তুতিও চলছে।
বর্তমান ৭৩ সদস্যের কমিটি থেকে বেড়ে তা ৮১ অথবা ৮৩ সদস্যর হওয়ার সম্ভাবনা বেশি। উল্লেখযোগ্য পদের মধ্যে নতুন করে সভাপতিম-লী, ২টি যুগ্ম সাধারণ সম্পাদক ও আরও ৩টি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়তে পারে। সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রাথমিক কর্মকান্ড শুরু হয়েছে। এরই মধ্যে প্রচার-প্রকাশনা, গঠনতন্ত্র সংশোধন, অভ্যর্থনা, দফতর, শৃঙ্খলা, সাজসজ্জা, মঞ্চসহ মোট ১০টি উপ-কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে। সভানেত্রীর অনুমতি নিয়ে এসব কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ঠিক করা হবে।
এ কাজের জন্য বর্তমান কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৭৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে সভাপতিম-লীর পদের সংখ্যা ১৫টি। সাধারণ সম্পাদকসহ দলের সম্পাদকম-লীর পদ ৩২টি। এর মধ্যে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতজন সাংগঠনিক সম্পাদক। দপ্তর, উপ-দপ্তর ও প্রচার ও উপ-প্রচার সম্পাদক ৪ জন। বাকি ১৭টি বিষয়ভিত্তিক সম্পাদকের পদ। এর বাইরে ১ জন কোষাধ্যক্ষ ও ২৬টি সদস্যের পদ রয়েছে।
জাতীয় কাউন্সিলে কমিটির আকার বাড়ার সম্ভাবনা সম্পর্কে আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধনী উপ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক এমপি বলেন, সময়ের প্রয়োজনে কিছু পদ বাড়াতে হবে। সম্মেলনের আগে গঠনতন্ত্রের সংশোধনের বিষয়ে খসড়া তৈরি করা হবে। যে ডিজিটাল বাংলাদেশর সেøাগান দিয়ে নতুন প্রজন্মের আস্থা অর্জন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সেই ডিজিটাল অর্থাৎ তথ্যপ্রযুক্তি বিষয়ক কোন পদ দলের কেন্দ্রীয় কমিটিতে নেই। কাউন্সিলে সম্পাদকম-লীর মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি পদ সৃষ্টি হবে। এ ছাড়া এবারের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যকে অগ্রাধিকার থাকবে।























































