শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে দেশের পুরনো রেলপথ সচলের উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

sark-400x243
ডেস্ক রিপোর্টঃ

নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যের ক্ষেত্রে আগামী দিনে রেলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহনের পুরনো রুটগুলো পুনরুদ্ধার ও উন্নয়নের কাজ শুরু করেছে সরকার।

এছাড়া বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্বের সাতটি রাজ্যের সাথে ভারতের মূল অংশের সংযোগ স্থাপনে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেল লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে দুদেশ। ব্যবসায়ীদের মতে, এতে ভারত যেমন লাভবান হবে তেমনি কম খরচে পণ্য আমদানির পাশাপাশি অতিরিক্ত রাজস্ব পাবে বাংলাদেশ।

দিনাজপুরের বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেললাইন ব্রডগেজে রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। দু’দেশের মধ্যে ট্রানজিট চুক্তির পর কম খরচে ও অল্প সময়ে পণ্য এবং যাত্রী পরিবহনের লক্ষ্যে অব্যবহৃত রেল নেটওয়ার্কের উন্নয়নে শুরু হয় এ কর্মযজ্ঞ। একই লক্ষ্যে ভারতের অনুদানে উত্তর পূর্বের সাতটি অঙ্গরাজ্যের সাথে মূল ভারতের বাণিজ্য সম্প্রসারণে আগরতলা-আখাউড়া রেল লাইন নির্মাণের প্রক্রিয়াও চূড়ান্ত।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক জানান, সড়কের ওপর নির্ভরতা কমিয়ে ভারতসহ নেপাল ও ভুটানের সাথে রেলপথে বাণিজ্য বাড়াতে পুরনো রুটগুলো চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

বিশেষজ্ঞের মতে প্রতিবেশী দেশটির সঙ্গে রেলপথে বাণিজ্য বাড়লে বাংলাদেশ রেলওয়ে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোও এর সুফল ভোগ করবে।

বিআইডিএস’র জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনুস বলেন, ‘ভারত দুইভাবে রেলের সঙ্গে যুক্ত হবে। এক, ভারতের এক অঞ্চল আরেক অঞ্চলকে যুক্ত করবে। দুই, উত্তর-পূর্ব দিকের অঞ্চল বর্হিবিশ্বের সঙ্গে যুক্ত করবে। পূর্বাঞ্চলের মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মনিপুর এবং আসামের পূর্বাঞ্চল তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। এতে আর্থিকভাবে আমাদের রেল লাভবান হবে।’

তবে রেলের উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করার দাবি জানিয়ে এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ বলছেন, এতে রেল যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে যাবে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল, দর্শনা-গেদে এবং রহনপুর-সিঙাবাদের মধ্যে রেল যোগাযোগ আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি