শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তাদের ঠিকানা বৃদ্ধাশ্রমেও হয় না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০২.২০১৬

Capture1101-400x220

ডেস্ক রিপোর্টঃ

বড় কষ্টে, চরম অনিশ্চয়তায় জীবন কাটছে বেশ কয়েকজন মায়ের। নাম ঠিকানা কিছুই তাদের জানা নেই। বয়সের ভারে ভেঙে পড়েছে রোগে-শোকে জর্জরিত শীর্ণকায় শরীর। অজ্ঞাত পরিচয়ের রোগী হিসেবেই দীর্ঘদিন পড়ে আছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। অন্য রোগীদের স্বজনরা এলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন।

ভাগ্যের নির্মম পরিহাস জীবনমুখী গানের শিল্পী নচিকেতার ‘বৃদ্ধাশ্রম’র খোঁজও পাননি এসব মায়েরা। তবে হ্যাঁ, একজন স্বেচ্ছাসেবী আছেন যিনি পরম মমতায় আগলে রাখেন এসব অসহায় রোগীকে। প্রতিদিন চাকরি শেষে ছুটে আসেন, দেখভাল করে, ওষুধপথ্যের খোঁজখবর নিয়ে বাসায় ফেরেন। তিনি সাইফুল ইসলাম নেসার, পেশায় ডিপ্লোমা প্রকৌশলী। একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন তিনি।

সরেজমিন চমেক হাসপাতাল ঘুরে দেখা গেছে, ২৬ নম্বর ‘অর্থোপেডিক ও ট্রমাটলজি’ ওয়ার্ডের পূর্ব পাশের বারান্দায় এক বৃদ্ধা কম্বল গায়ে শুয়ে আছেন। বয়স আনুমানিক ৬০ বছর। সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

আশপাশের রোগী ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আছেন। স্বজনদের কেউ তার খোঁজখবর নিতে আসেন না। আয়া-মাসিরাই মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি দেখভাল করেন। নিয়মিত ড্রেসিং, ওষুধপথ্যের খবর নেন স্বেচ্ছাসেবী নেসার।

সাইফুল ইসলাম নেসার বলেন, ২০১৫ সালের ২৯ নভেম্বর ভর্তি হয়েছিলেন এ বৃদ্ধা। খুব সম্ভবত সিএনজি অটোরিকশার ধাক্কায় পায়ে আঘাত পেয়েছিলেন। যেখানে নিয়মিত ড্রেসিং করতে হয়। এত বড় হাসপাতাল, এত রোগীর চাপ, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধার খবর নেওয়ার অবকাশ কারও নেই। হাসপাতালের সরবরাহ করা ওষুধপথ্যের বাইরে কিছু দরকার পড়লে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি।

তিনি বলেন, ইতিমধ্যে চারটি কম্বল দেওয়া হয়েছে বৃদ্ধাকে। কাপড়ও। কিন্তু খালি গায়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন যেন। শীত-বৃষ্টি সবসময়ই। আয়া-মাসিরা সহযোগিতা করেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর কোথায় যাবেন জানি না।

পাশের একটি শয্যা দেখিয়ে বললেন, ওই শয্যায় আরেকজন বৃদ্ধা ছিলেন। অজ্ঞাত পরিচয়ের। বয়স আনুমানিক ৫৫ বছর। সাড়ে তিন মাস দেখভাল করেছি। পায়ে পচন নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ভীষণ দুর্গন্ধ বের হতো ক্ষত থেকে। এমনকি লেদা পোকাও কিলবিল করতো ক্ষতস্থানে। আল্লাহর রহমতে সাড়ে তিন মাস পর সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর তিনি কোরআন শরিফের সুরা পড়ে, গজল গেয়ে মাতিয়ে রাখতেন আশপাশের রোগী ও স্বজনদের। পরে ওই বৃদ্ধার ভাই এসে নিয়ে গেছেন।

কথায় কথায় সাইফুল ইসলাম নেসার বলেন, অজ্ঞাত পরিচয়ের রোগীরা যখন স্বজনের খোঁজ পায় তখন আমি সবচেয়ে বেশি খুশি হই। যখন দেখি শেষ বয়সে এসে হাসপাতালে অসহায় আর্তনাদ করছে কোনো মা, কোনো বাবা তখন নিজেকে অপরাধী মনে হয়। সাধ ও সাধ্যের সীমায় থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানুষ হিসেবে আজীবন এটুকু করে যেতে চাই।

২৫ নম্বর ওয়ার্ডের বারান্দায় একটি বিছানা দেখালেন সাইফুল ইসলাম নেসার। প্লাস্টিক কৌটায় কিছু শুকনো খাবার পড়ে আছে। ধবধবে চাদরের ওপর বালিশটাও রয়েছে। রোগীর ফাইলটাও আছে। যেখানে লেখা আছে, অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধাকে হারাধন ভট্টাচার্য নামের এক ব্যক্তি ভর্তি করিয়ে দিয়েছিলেন। নেই শুধু মানুষটি। সব কিছু দেখে মনে হবে, একটু পরেই বৃদ্ধা রোগীটি আসবেন। হয়তো টয়লেটে গেছেন, নয়তো এক্স-রে করাতে। কিন্তু না, তিনদিন ধরে ফিরছেন না তিনি। আশপাশের রোগীরা জানালেন, সুস্থ হওয়ার পর ওই রোগী চলে গেছেন। পাশের শয্যার এক রোগীর স্বজন জানালেন, ওই বৃদ্ধাকে হাসপাতাল এলাকাতে দেখা গেছে।

যোগাযোগ করলে হারাধন ভট্টাচার্য জানান, আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধাকে দেখে আমি চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহায়তায় ভর্তির ব্যবস্থা করেছিলাম। এরপর কিছুদিন পরপর গিয়ে খোঁজখবর নিতাম। ওষুধপত্রের জন্যে কিছু টাকাও দিয়েছি। সর্বশেষ যখন দেখতে গিয়েছিলাম তিনি আগের চেয়ে অনেক বেশি সুস্থবোধ করছিলেন।

কিছু বৃদ্ধা আছে যারা হাসপাতাল এলাকাতেই ঘুরে ফিরে থাকে। তাদেরই একজনকে শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় দেখে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার খোন্দকার শহিদুল গনি পাঠিয়ে দেন জরুরি বিভাগে। তারপর অজ্ঞাত পরিচয়ের রোগী হিসেবে তাকে পাঠিয়ে দেওয়া হয় ১৩ নম্বর ওয়ার্ডে। সেখান থেকে ১৮ নম্বর ওয়ার্ডে ঠাঁই হয় ওই বৃদ্ধার।

একজন আয়া ওই বৃদ্ধার নাকের নল দিয়ে পরম মমতায় স্যুপ খাওয়াচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে একজন বড় লোক রোগী ভর্তি হয়েছেন। তাকে আমি দেখাশোনা করি। তার জন্যে এত বেশি স্যুপ পাঠায় যে অর্ধেকই থেকে যায়। সেগুলো এ রোগীকে খাওয়াই। আল্লাহ কার রিজিক যে কোথায় রেখেছেন!’

তবে পাশের শয্যার একজন রোগীর স্বজন জানালেন, অজ্ঞাত পরিচয়ের এই রোগী আগেও এ ওয়ার্ডে ভর্তি ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি সুস্থ বোধ করায় চলে গিয়েছিলেন।

ব্রিগেডিয়ার খোন্দকার শহিদুল গনি বলেন, শনিবার একজন অজ্ঞাত পরিচয়ের অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলাম। রোববারও একজনকে দিয়েছি। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছি রোগী দেখলেই যেন ভর্তি করিয়ে দেন। মানুষ হিসেবে এটি আমাদের দায়িত্ব। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের একমাত্র রেফার হাসপাতাল হিসেবে এখানে সব রোগীকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি, এ ধরনের রোগীর ওষুধপথ্য দিয়ে সহযোগিতা করার। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি