বাড়ছে সামাজিক অপরাধ। তুচ্ছ ঘটনায় ঘটছে হতাহতের ঘটনা। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না।
নৃশংসতার বেশি শিকার হচ্ছে নারী ও শিশু। দাম্পত্য কলহের জেরে স্বামী খুন করছে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। সন্তানের হাতে খুন হচ্ছেন বাবা-মা। সম্পত্তি নিয়ে বড়দের শত্রুতার বলি হচ্ছে শিশুরা। দুর্বৃত্ত বা সন্ত্রাসীদের পাশাপাশি পরিবারের আপন মানুষটির কাছেও এখন ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে মানুষ।
বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে জানা গেছে, দিন-দিন বাড়তে থাকা সামাজিক অপরাধের সবচেয়ে বেশি শিকার হচ্ছে নারী ও শিশু। প্রতিনিয়ত নির্যাতিত হওয়ার পাশাপাশি লাশও হতে হচ্ছে তাদের। মাদকাসক্ত ও বখাটেদের অত্যাচারে স্কুল-কলেজগামী মেয়েরা অনেকেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর ইদানিং শিশুদের ওপর পৈশাচিকতা যেন উত্তরোত্তর বাড়ছে।
সমাজচিন্তক, মানবাধিকারকর্মী ও অপরাধ বিজ্ঞানীদের মতে, মূল্যবোধের অবক্ষয় এবং মানুষের নীতি-নৈতিকতা হ্রাস পাওয়াই সামাজিক অপরাধ বৃদ্ধির জন্য দায়ী। আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও একটি বড় কারণ। একই সঙ্গে সারা দেশে মাদকের অবাধ বিস্তারও সামাজিক অপরাধ বাড়াচ্ছে। এছাড়া সুস্থ বিনোদনের অভাব, বেকারত্ব, পারিবারিক শিক্ষার অভাব, দাম্পত্য কলহ ও স্বামী-স্ত্রীর প্রতি বিশ্বাসহীনতা, মোবাইল ফোন, ইন্টারনেট, আকাশ সংস্কৃতির কুপ্রভাবকেও দায়ী করেন তারা।
সমাজ ও মনোবিজ্ঞানীরা বলছেন, নীতিনির্ধারক মহলের অবহেলায় সামাজিক অবক্ষয়ের কারণে প্রাণহানির ঘটনা দিন-দিন বাড়ছে। আবার কার্যকর বিচারব্যবস্থার অভাবে অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সামাজিক ও পারিবারিক অপরাধ প্রতিরোধে ব্যর্থ হলে তা একসময় ‘মহামারী’র রূপ নেবে। তারা আরও বলেন, আর্থ-সামাজিক ক্ষেত্রে নারীর অবদান বেড়ে গেছে।
এ কারণে তারা এখন মুখ বুজে সব সহ্য করছেন না। কিন্তু একশ্রেণির পুরুষ আগের মতোই নারীর ওপর খড়গ চালানোর চেষ্টা করছে। এতে পারিবারিক অপরাধ বাড়ছে। আর জমিজমা, অর্থ-বিত্ত-বৈভবের লোভ, মাদকের হিংস্র থাবা প্রভৃতি সামাজিক অপরাধের পেছনে কাজ করছে। উল্লিখিত দুটি ক্ষেত্রেই প্রতিহিংসার বলি হচ্ছে শিশুরা। অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়াতেই এসব অপরাধ বারবার ঘটছে।
বিশিষ্ট মনোবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুর রহমান একটি জাতীয় দৈনিককে বলেন, সামাজিক অপরাধ বাড়ছে কারণ, এ সমাজটা নষ্ট। এ দেশের মানুষগুলোর মধ্যে দয়া-মায়া, শ্রদ্ধা-বিশ্বাস এগুলো নেই। দ্বিতীয়ত, দেশে কোনো গণতান্ত্রিক নিয়ম-কানুন ও কাঠামো আগেও ছিল না, এখনো নেই। এজন্য মানুষ এখন যা খুশি তাই করছে।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ অন্যান্য মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইয়াবা। অধিকাংশ মাদকাসক্তই এখন ইয়াবায় আসক্ত। এ মাদক পরিবারের শান্তি কেড়ে নিয়েছে। মাদকাসক্ত সন্তানের কারণে ভেঙে যাচ্ছে একটি পরিবারের রঙিন স্বপ্ন। ফাটল ধরছে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে। নেশার টাকা সংগ্রহে মাদকাসক্তরা জড়িয়ে পড়ছে নানা ভয়ঙ্কর অপরাধে। তাদের কারণে বাড়ছে পারিবারিক অস্থিরতা ও সামাজিক অপরাধ, খুনাখুনি। বাড়ছে বিবাহ বিচ্ছেদ, হতাশা ও আত্মহত্যার প্রবণতা।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম বলেন, সামাজিক, অর্থনেতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে-সঙ্গে অপরাধও বাড়ছে। এ ক্ষেত্রে পুলিশ সবসময়ই নানামুখী পদক্ষেপের মধ্য দিয়ে চেষ্টা করছে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে। তিনি বলেন, একজন মা যখন তার সন্তানকে খুন করে, তখন সেটা স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে সামাজিক কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) তথ্যানুযায়ী, গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকা-ের শিকার হয়েছে ৪০ শিশু। এছাড়া ২০১৫ সালে ২৯২, ২০১৪ সালে ৩৬৬, ২০১৩ সালে ২১৮ ও ২০১২ সালে ২০৯ শিশুকে হত্যা করা হয়। আর গত বছর হত্যার চেষ্টা করা হয় ২৯ শিশুকে। ২০১৫ সালে অপহরণ করা হয় ২৪৩ শিশুকে। এর মধ্যে ১৬৭ শিশুকে উদ্ধার করা গেলেও হত্যা করা হয় ৪০ জনকে। একইভাবে ২০১৪ সালে অপহৃত ২০৯ শিশুর মধ্যে ৫২ জনকে এবং ২০১৩ সালে ৬১ শিশুর মধ্যে ৩৭ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। গত বছর ধর্ষণের শিকার হয় ৫২১ শিশু। ২০১৪ সালে এ সংখ্যা ১৯৯টি, ২০১৩ সালে ১৭০টি ও ২০১২ সালে ৮৬টি।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্তু শিশুর অধিকার রক্ষায় সরকারের অবহেলা রয়েছে। কারণ শিশুর অধিকার রক্ষায় আইন থাকলেও সুরক্ষার ব্যবস্থা নেই। এ কারণে যে কোনো কাজে শিশুদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ শিশুরাই দেশের বড় একটি অংশ ও আগামী দিনের ভবিষ্যত। তাই যত দ্রুত সম্ভব রাজনীতিবিদ থেকে শুরু করে প্রতিটি পরিবারকে সবার আগে শিশুদের বিষয়ে গুরুত্বারোপ করা উচিত।
শিশুদের প্রতি নৃশংসতার নজির গত ১৭ ফেব্রুয়ারি সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধার। বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে এ চার শিশু নিখোঁজ হওয়ার পাঁচদিন পর তাদের লাশ মেলে। বড়দের দ্বন্দ্বের বলি হতে হয় অবুঝ ওই শিশুগুলোকে। ওই ঘটনার পর গত ২০ ফেব্রুয়ারি রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি ঘের থেকে শিশু সজীব মজুমদারের (১০) পেটকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সজিব স্থানীয় বাটরা গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। চারদিন আগে দাদার সঙ্গে বাটরা বাজারে এসে নিখোঁজ হয় সে। স্থানীয়রা জানান, সজীবের বাবার সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির সম্প্রতি পাওনা টাকা নিয়ে মারামারি হয়। ওই ঘটনার জেরেই অবুঝ শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এদিকে পাওনা টাকা ও জমিজমার বিরোধের জেরে গত রোববার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে ভাগ্নের হাতে খুন হন দুই মামা। একই রাতে নোয়াখালীর বেগমগঞ্জের তালুয়া চাঁদপুর গ্রামে জাহের (৪০) নামে এক সৌদি প্রবাসীকে খুন করে বাড়ির পাশের খালে পুঁতে রাখার অভিযোগ ওঠে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। দাম্পত্য কলহের জেরে এ ঘটনায় জাহেরের স্ত্রী রেহানা বেগম ও ছেলে হান্নানকে আটক করে পুলিশ।
সোমবার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামে ছেলের হাতে খুন হন নজরুল মল্লিক (৬৫)। এলাকাবাসী জানান, ফসলের ভাগ নিয়ে নজরুলের সঙ্গে ছেলে জাহিদুলের কয়েকদিন ধরেই বাকবিত-া চলছিল। একপর্যায়ে সোমবার দুপুরে জাহিদুল বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
রহস্যে ঘেরা রাজধানীর বনশ্রীতে দুই ভাই-বোনের মৃত্যু। ১ মার্চ সোমবার রাতে চাইনিজ ফুড খেয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গভীর রাতে বনশ্রীর কেন্ট চাইনিজ রেস্টুরেন্টের মালিক, ম্যানেজারসহ তিনজনকে আটক করে। পরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ও ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিহতদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের খুন করা হয়েছে।
এরপর বুধবার বেলা পৌনে ১১টা পর্যন্ত কোনো মামলাও হয়নি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জিজ্ঞাসাবাদে তাদের মা-বাবা ও খালাকে জামালপুর থেকে ঢাকায় আনে র্যাব। এরপর বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে বলা হয় পরকীয়া, পারিবারিক অশান্তি ও সম্পত্তির কারণে নিজ হাতে সন্তানদের হত্যা করেন ওই মা।























































