কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’র হত্যাকারিদের বিচারের দাবিতে জেলাজুড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এসব কর্মসূচী পালন করেন।
দুপুরে কুমিল্লা নগরীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারের নিচে অবস্থান নেয়।
দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলায় মিরপুর সড়কের আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনে আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, সহকারি অধ্যাপক আবদুল কুদ্দুসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
একই সময়ে মিরপুর সড়কের ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহাম্মদ, সহকারি শিক্ষক হুমায়ন কবির, সহকারি শিক্ষক অপু খান চৌধুরীসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলার শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শশীদল রেল স্টেশন বাজারের বাগরা সড়কে মানববন্ধন-সমাবেশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ।
এছাড়া ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা-মিরপুর সড়কের ধান্যদৌল বাজারে মানববন্ধন-সমাবেশ করেছে।
একই সময়ে উপজেলার টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মুবিনুল হক আখন্দের নেতৃত্বে শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন করেন।
এদিকে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মিয়াবাজার ডিগ্রি কলেজ ও মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে দুপুরে চান্দিনা উপজেলায় ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে। এ সময় তনু হত্যার বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরানী সরকার, সহকারী শিক্ষক হরিলাল দেবনাথ, জি এম আজিজুল হক।
উল্লেখ্য যে, ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।






















































