গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান , মামলাটিতে আজ মির্জা ফখরুলসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৯ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন ।
প্রসঙ্গত , ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে ।
২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।























































