নানা ইস্যু নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের বিরোধ এখন তুঙ্গে। নগর আওয়ামী লীগের দ্বন্দ্বের সাথে যুক্ত হলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও। পরস্পর মুখোমুখি অবস্থান থেকে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। জ্যেষ্ঠ নেতাদের এহেন যুদ্ধংদেহী মনোভাবে তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে বিরূপ প্রভাব পড়ছে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব চলে আসছে। আ জ ম নাছির যখন সংগঠনের সাধারণ সম্পাদক কিংবা মেয়র নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ওয়ার্ড ও থানা পর্যায়ে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের সাথে তাঁর (মেয়র) অনুসারীদের মারামারির ঘটনা প্রায়শঃ ঘটতে দেখা গেছে। এখনো তা থামেনি। আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগ নেতা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যাকা- নিয়ে পরোক্ষভাবে একজন অপরজনকে বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করছেন। উভয়ই খুনীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। কিন্তু সিসিটিভির ফুটেজে খুনী চিহ্নিত হলেও এখনো পুলিশ প্রকৃত খুনীকে গ্রেপ্তার করতে পারেনি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির অভিযোগে জেলা পরিষদ মার্কেটের সামনে এমএ লতিফ এমপি’র শাস্তির দাবিতে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মনসুরকে দায়িত্ব দেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু তিনি সেই সমাবেশ আয়োজন করতে ব্যর্থ হন। এ ঘটনায় তাকে সরিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় একই কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান মনসুরকে। এ বিষয়ে জানতে চাইলে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আবুল মনসুরের স্ত্রী ক্যান্সারাক্রান্ত। তিনি সংগঠনকে সময় দিতে পারছেন না। তাই সাময়িকভাবে হাসান মনসুরকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে আলাপকালে আবুল মনসুর তাকে সরিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, চিকিৎসাধীন স্ত্রীর পাশে থাকার জন্য ঢাকায় অবস্থান করতে হচ্ছে তাই ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু যুগ্ম সম্পাদককে না দিয়ে একজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, যুগ্ম সম্পাদক দায়িত্ব নিতে চাননি। আর লতিফ বিরোধী সমাবেশ আয়োজনে ব্যর্থতার প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’


























































